ভক্তদের জন্য দারুণ খবর নিয়ে এসেছে মার্ভেল। ক্রিস ইভান্স আবার ফিরছেন স্টিভ রজার্স, অর্থাৎ ক্যাপ্টেন আমেরিকা চরিত্রে। সদ্য প্রকাশিত ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র প্রথম টিজার ট্রেলারেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ১৮ ডিসেম্বর ২০২৬-এ মুক্তি পেতে চলা এ সিনেমায় আবার দেখা যাবে অ্যাভেঞ্জারদের অধিনায়ককে। তবে এবার ক্যাপের পরিচয় শুধু সুপারহিরোতেই সীমাবদ্ধ নয়, তিনি এক নবজাতকের বাবা।

টিজারটির আবহ শান্ত ও আবেগঘন। একটি খামারবাড়িতে মোটরবাইকে করে ফিরছেন স্টিভ রজার্স। পেছনে বাজছে অ্যাভেঞ্জার্স থিমের পিয়ানো ভার্সন। তার নীল হেলমেট ও ক্যাপ্টেন আমেরিকার কস্টিউম যেন অতীতের স্মৃতি টেনে আনে। শেষ ফ্রেমে ভেসে ওঠে লেখা, অ্যাভেঞ্জার্স ডুমসডেতে ফিরবেন স্টিভ রজার্স।

২০১৯ সালের ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর শেষে স্টিভ রজার্সের বিদায় দর্শকের মনে আবেগের ছাপ রেখে গিয়েছিল। থ্যানোসকে হারানোর পর ইনফিনিটি স্টোন ফিরিয়ে দিয়ে তিনি ঢাল তুলে দেন স্যাম উইলসনের হাতে, যিনি পরবর্তী সময়ে নতুন ক্যাপ্টেন আমেরিকা হন। এরপর স্টিভ ফিরে যান অতীতে, নিজের ভালোবাসা পেগি কার্টারের সঙ্গে জীবন কাটাতে। সে গল্পের পরেই এ নতুন টিজার প্রশ্ন তুলে দিচ্ছে, এ স্টিভ কি সেই একই স্টিভ? নাকি তিনি মাল্টিভার্সের কোনো ভ্যারিয়েন্ট?

সবচেয়ে বড় রহস্য এ শিশু কে? তার কি সুপার-সোলজার শক্তি রয়েছে? মার্ভেল স্বভাবসিদ্ধভাবেই প্রশ্ন রেখে দিয়েছে, উত্তর মিলবে সিনেমা হলে।

উল্লেখযোগ্যভাবে, ‘ডুমসডে’ শুধু ক্রিস ইভান্সের ফেরা নয়, বরং এক বিশাল মাল্টিভার্স ইভেন্ট। রবার্ট ডাউনি জুনিয়র ফিরছেন, তবে এবার আয়রন ম্যান নয়, ভয়ংকর ভিলেন ডক্টর ডুম হিসেবে। সঙ্গে থাকছেন থর (ক্রিস হেমসওয়ার্থ), লোকি (টম হিডলস্টন), অ্যান্ট-ম্যান (পল রাড), ব্ল্যাক প্যান্থারসহ (লেটিশিয়া রাইট) বহু পরিচিত মুখ। এমনকি এক্স-মেন ইউনিভার্সের চরিত্ররাও যুক্ত হচ্ছে।

সব মিলিয়ে, অ্যাভেঞ্জার্স: ডুমসডে হতে চলেছে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের অন্যতম সবচেয়ে বড় ও আবেগঘন অধ্যায়। সেই সঙ্গে ক্যাপ্টেন আমেরিকার প্রত্যাবর্তন, তাও একজন বাবা হিসেবে—এ গল্পকে আরো গভীর ও মানবিক করে তুলবে, তা বলাই যায়।

সূত্র: ভ্যারাইটি