চরের মেহনতি মানুষের জীবন ও প্রকৃতির খেয়ালিপনার বিভিন্ন দিক নিয়ে তরুণ নির্মাতা সোহেল রানা বয়াতি নির্মাণ করছেন তার প্রথম চলচ্চিত্র ‘নয়া মানুষ’। সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ ও রওনক হাসান। ৬ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। মুক্তির ১৯ দিনের মাথায় পরিচালক-প্রযোজক জানালেন, সিনেমাটি এবার বিকল্প প্রদর্শনী হবে। গতকাল বড়দিন উপলক্ষে বিকল্প প্রদর্শনীর শুরু হয়।
বিকল্প প্রদর্শনীর প্রথম ধাপে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদের আয়োজনে টিএসসি মিলনায়তনে নয়া মানুষ সিনেমার প্রদর্শনী হয়। বেলা ২টা ও বিকাল ৪টায় দুটি প্রদর্শনীর মাধ্যমে শুরু হচ্ছে এ বিকল্প প্রদর্শনী। এরপর পর্যায়ক্রমে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সাংস্কৃতিক কেন্দ্রগুলোয় প্রদর্শন করা হবে।
আ মা ম হাসানুজ্জামানের ‘বেদনার বালুচরে’ গল্প অবলম্বনে সিনেমার চিত্রনাট্য তৈরি করেছেন মাসুম রেজা। বিকল্প প্রদর্শনীতে ১০০ ও ৫০ টাকার বিনিময়ে আগ্রহীরা সিনেমাটি দেখার সুযোগ পায়।
বিকল্প প্রদর্শনী প্রসঙ্গে পরিচালক সোহেল রানা বয়াতি বলেন, ‘সিনেপ্লেক্সে সিনেমা দেখাটা ব্যয়বহুল, যা বহন করার সামর্থ্য অনেকের নেই। তাই আমরা এ বিকল্প প্রদর্শনীর মাধ্যমে সিনেমাটি গণমানুষের কাছে পৌঁছে দিতে চাই, তাদের সিনেমা দেখানোয় অভ্যস্ত করতে চাই।’
এতে অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, হাসানুজ্জামান, আশীষ খন্দকার প্রমুখ।










