‘মনপুরা’খ্যাত নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের আলোচিত সিনেমা ‘কাজলরেখা’ এবার দেখা যাবে টেলিভিশনের পর্দায়। দেশের জনপ্রিয় বেসরকারি চ্যানেল মাছরাঙা টেলিভিশন সম্প্রতি সিনেমাটি টেলিভিশন সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে। নির্মাতার সঙ্গে এ-সংক্রান্ত চুক্তি এরই মধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন চ্যানেল কর্তৃপক্ষ। শিগগিরই একটি বিশেষ উৎসব উপলক্ষে সিনেমাটি প্রচার করার পরিকল্পনা রয়েছে মাছরাঙার।

গত বছর মুক্তিপ্রাপ্ত কাজলরেখা মুক্তির আগেই ব্যাপক আলোচনায় ছিল। ঐতিহ্যবাহী ‘মৈমনসিংহ গীতিকা’ অবলম্বনে নির্মিত এ চলচ্চিত্রে প্রায় চারশত বছরের পুরনো লোকগাথার ঐতিহ্যকে আধুনিক প্রেক্ষাপটে তুলে ধরেছেন গিয়াসউদ্দিন সেলিম। দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শনের পাশাপাশি সিনেমাটি আমেরিকা ও ইউরোপের নানা শহরেও মুক্তি পায় এবং দর্শক-সমালোচকদের কাছ থেকে প্রশংসা কুড়ায়।

চলতি বছরের জানুয়ারিতে সিনেমাটি প্রদর্শিত হয় নেদারল্যান্ডসের আন্তর্জাতিক ‘রটারডাম চলচ্চিত্র উৎসব’-এ, যেখানে বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীরা প্রশংসায় ভরিয়ে তোলেন সিনেমাটিকে।

সিনেমাটির গল্পের ভিত্তি মৈমনসিংহ গীতিকার বিখ্যাত পালা কাজলরেখা, যা বাংলার লোকসংস্কৃতির অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল, বিশেষ করে গারো পাহাড়ের পাদদেশ ও হাওরাঞ্চলের জীবনচিত্রে ভরপুর এ গীতিকাব্য। সেখান থেকেই অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে কাজলরেখা।

চলচ্চিত্রটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী, আর কাজলরেখার কিশোরী বয়সের চরিত্রে রয়েছেন সাদিয়া আয়মান। সুচরাজা চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, আর কঙ্কণদাসী চরিত্রে দেখা যাবে রাফিয়াত রশিদ মিথিলাকে। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, খায়রুল বাসার, শাহানা সুমি, ইরফান সেলিম সুজয় প্রমুখ।

গভীর লোকজ আবহ, সুরেলা সংগীত ও নির্মাণশৈলীতে সমৃদ্ধ কাজলরেখা বাংলাদেশের চলচ্চিত্রে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন চলচ্চিত্র সমালোচকরা। এবার মাছরাঙা টেলিভিশনের মাধ্যমে ঘরে বসে দর্শক উপভোগ করতে পারবেন প্রশংসিত সিনেমাটি।