পুরস্কার মৌসুম শুরু হলো। শুরুতেই এল গোল্ডেন গ্লোব। জনপ্রিয়তা ও গুরুত্বে অস্কারের পরেই থাকে এটি। বলা হয়, অস্কারে কোন সিনেমা পুরস্কৃত হবে তার প্রভাব আসে গোল্ডেন গ্লোব থেকে। গতকাল বসেছিল গোল্ডেন গ্লোবের ৮২তম আসর। এবারের আসরে আলো কেড়ে নিল নেটফ্লিক্সের এমিলিয়া পেরেজ। পাশেই আছে ‘দ্য ব্রুটালিস্ট’। এবারের আসরে বেশকিছু পুরস্কারের বিষয়ে আগে থেকেই ধারণা ছিল সিনেমাসংশ্লিষ্টদের। আবার কিছু সিনেমার সম্ভাবনা থাকার পরও তা পুরস্কৃত হয়নি।
মুক্তির পর থেকেই নেটফ্লিক্সের সিনেমা ‘এমিলিয়া পেরেজ’ নিয়ে আলোচনা ছিল। মিউজিক্যাল ঘরানার সিনেমাটি নির্মিত হয়েছে নারী ড্রাগ-লর্ডকে নিয়ে। মিউজিক্যাল-কমেডি ঘরানার বিভাগে সেরা সিনেমা নির্বাচিত হয়েছে এমিলিয়া পেরেজ। এছাড়া নন-ইংলিশ মোশন পিকচারেও সেরা হয়েছে। এ সিনেমায় অভিনয়ের জন্য পার্শ্ব চরিত্রে সেরা হয়েছেন জোয়ি সালদানা। সেরা গানের পুরস্কার পেয়েছে এমিলিয়া পেরেজের ‘এল মা’ গানটি। সব মিলিয়ে চারটি পুরস্কার এসেছে এ সিনেমার জন্য। গোল্ডেন গ্লোবের ক্ষেত্রে এটি বেশ বড় বিষয়।
পুরস্কারের সংখ্যার দিক দিয়ে এর পরই আছে ব্র্যাডি করবেট পরিচালিত এড্রিয়ান ব্রডি অভিনীত দ্য ব্রুটালিস্ট। তিন বিভাগে পুরস্কার জিতেছে সিনেমাটি। মোশন পিকচার-ড্রামায় সেরা অভিনেতা হয়েছেন এড্রিয়ান ব্রডি ও মোশন পিকচারের সেরা পরিচালক হয়েছেন ব্র্যাডি করবেট। তিনটি পুরস্কার নিয়ে দ্য ব্রুটালিস্ট ও চারটি পুরস্কার নিয়ে এমিলিয়া পেরেজ অস্কারের প্রতিযোগিতায় এগিয়ে থাকল অনেকটা।
এদিকে সেরা অ্যানিমেশন সিনেমার পুরস্কার জিতেছে সাইডশো-জানুস ফিল্মের ‘ফ্লো’। বক্স অফিসে ভালো করার জন্য পুরস্কৃত হয়েছে ইউনিভার্সাল পিকচারসের উইকেড। সিনেমাটি ২০২৪ সালের শেষে মুক্তি পেয়েও বক্স অফিসে ভালো আয় করেছে।
এদিকে মোশন পিকচার-ড্রামা বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন ফার্নান্দা তোরেস। ‘আই অ্যাম স্টিল হিয়ার’ সিনেমার জন্য তিনি এ পুরস্কার পান। অন্যদিকে মোশন পিকচার মিউজিক্যাল ও কমেডির জন্য সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন ডেমি মুর। ‘দ্য সাবস্ট্যান্স’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রী নির্বাচিত হলেন। এ সিনেমা নিয়েও বেশ আলোচনা ছিল বছর ধরে।
টেলিভিশন সিরিজও থাকে গোল্ডেন গ্লোবের তালিকায়। এবার সেরা টেলিভিশন সিরিজ নির্বাচিত হয়েছে হুলু, এফএক্স প্লাটফর্মের ‘শোগান’। সেরা অভিনেত্রী ও অভিনেতাও পাওয়া গেছে শোগান থেকে। আরা সাওয়াই ও হিরোউকি সানাদা পেয়েছেন সেরা পুরস্কার। মিউজিক্যাল-কমেডি ঘরানার সেরা হয়েছে হ্যাক্স। অ্যান্থোলজি বিভাগে সেরা হয়েছে নেটফ্লিক্সের ‘বেবি ফাইন্ডার’।
কয়েকটি বিষয় নিয়ে আবার অনেকের অভিযোগও আছে। যেমন ‘অ্যানোরা’ কোনো পুরস্কার পায়নি। এ সিনেমার সম্ভাবনা ছিল বলেই মনে করেন অনেকে। অন্যদিকে ‘উইকেট’ কেবল বক্স অফিসের জন্য পুরস্কৃত হওয়ায়ও সমালোচনা হচ্ছে। তবে সেসব যা-ই হোক, গোল্ডেন গ্লোব থেকে যে দুই-একটা অস্কার আসবে তাতে সন্দেহ নেই।










