‘গথাম সিটি’ নিয়ে সিনে দুনিয়ায় আগ্রহের পারদ বরাবরই বেশি থাকে। ‘ব্যাটম্যান টু’-এর মুক্তি নিয়েও ব্যতিক্রম ছিল না। কিন্তু দর্শকের জন্য দুঃসংবাদ নিয়ে এলেন হলিউড নির্মাতা ম্যাট রিভস। জানালেন, ব্যাটম্যানের সিকুয়াল ২০২৬ সালের অক্টোবরে মুক্তি পাওয়ার কথা থাকলেও অনিবার্য কারণবশত তা হচ্ছে না। ২০২৭ সালের ১ অক্টোবর আইম্যাক্সে মুক্তি পাবে সিনেমাটি।

মূলত ওয়ার্নার ব্রোস তাদের আসন্ন মুক্তির সময়সূচিতে কিছু পরিবর্তন করেছে। নির্মাতা বং জুন হোর ‘মিকি সেভেনটিন’ ও রায়ান কুগলারের ‘সিনার্স’-এরও মুক্তির তারিখ বদলেছে। মিকি সেভেনটিনে অভিনয় করেছেন রবার্ট প্যাটিনসন। সিনেমাটি মুক্তি পাবে ২০২৫ সালের ৭ মার্চ। একইভাবে সিনার্স ২০২৫ সালের ১৮ এপ্রিল মুক্তি পাবে। এ সিদ্ধান্তের মধ্য দিয়ে মিকি সেভেনটিন আইম্যাক্সে দীর্ঘ সময় চলার সুযোগ পাবে।

এদিকে টম ক্রুজের অভিনয় ও আলেজান্দ্রো ইনারিতুর নির্মাণে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমার অধিকাংশ তথ্য গোপনীয়তার চাদরে ঢাকা। ওয়ার্নার ব্রোসের অফিশিয়াল বয়ান অনুযায়ী, ক্রুজের সঙ্গে অভিনয় করেছেন সান্দ্রা হুলার, জন গুডম্যান, মাইকেল স্টুলবার্গ, জেসি প্লেমন্স, সোফি ওয়াইল্ড ও রিজ আহমেদ। ডিউন ছবির প্রযোজক প্রতিষ্ঠান লিজেন্ডারি এন্টারটেইনমেন্ট সিনেমাটির প্রযোজনা করছে। পরিচালক হিসেবে ইনারিতুর পকেটে রয়েছে দুটি অস্কার। এর মধ্যেই তিনি দাঁড়িয়ে আছেন স্করসেজি, কপোলা ও স্পিলবার্গের মতো নির্মাতাদের পাশে।

মিকি সেভেনটিন সিনেমার গল্প একটি পুরুষকে কেন্দ্র করে। এতে কাস্টে আছেন মার্ক রাফালো, নাওমি অ্যাকি, স্টিভেন ইয়েন ও টোনি কলেট। সিনেমাটি মূলত ২০২৪ সালের বসন্তে মুক্তি পাওয়ার কথা ছিল। সিনার্স একটি হরর ফিল্ম, যাতে জর্ডান দ্বৈত ভাইয়ের ভূমিকায় আছেন। আরো আছেন হাইলি স্টেইনফেল্ড, জ্যাক ও’কনেল, উন্মি মসাকু, জেইমি লওসন, ওমর মিলার ও ডেলরয় লিন্ডো। সিনার্স মুক্তির তারিখ বদলানোর একটি কারণ ছিল পোস্ট-প্রডাকশন সুবিধার অভাব।

‘দ্য ব্যাটম্যান’ ২০২২ সালে মুক্তি পায়। তখন মুভি ব্যবসা কভিডের কারণে বন্ধ হওয়ার প্রভাব কাটিয়ে উঠছিল। এটি বিশ্বব্যাপী ৭৭ কোটি ডলার আয় করে এবং ব্যাপকভাবে প্রশংসিত হয়। ছবিটি এইচবিওর স্পিনঅফ সিরিজ ‘দ্য পেঙ্গুইন’কে অনুপ্রাণিত করেছে। সম্প্রতি জোই ক্রাভিটজের সঙ্গে এক সাক্ষাৎকারে রিভস বলেছেন যে তিনি সিকুয়ালের স্ক্রিপ্ট শেষ করছেন এবং পরবর্তী বছরে শুটিং করার পরিকল্পনা করছেন।

সূত্র ও ছবি: ভ্যারাইটি