‘লর্ড অব দ্য রিংস’কে মনে করা হয় সর্বকালের সেরা ফ্যান্টাসির একটি। ফিল্ম সিরিজটি পরবর্তী সময় বহু সিনেমা ও সিরিজকে প্রভাবিত করেছে। সাফল্য নিয়ে আসে সংশ্লিষ্টদের জন্যও। তিনটি সিনেমা মিলিয়ে বৈশ্বিক বক্স অফিস থেকে আয় হয় প্রায় ৩০০ কোটি ডলার। অস্কারের আসরে ৩০টি বিভাগে মনোনয়ন প্রাপ্তি ও ১৭টি বিজয় নিয়ে বিশেষ অবস্থান তৈরি করে রেখেছে। পাশাপাশি ঝুলিতে অজস্র প্রাপ্তি তো রয়েছেই। তবে সিনেমায় ফ্রুডো ব্যাগিন্স চরিত্রে অভিনয় করা এলিজা উড মনে করেন, সিনেমার জন্য তার পারিশ্রমিক বেশি ছিল না। বরং এমন সিনেমায় অভিনয় করাটা ছিল বড় ধরনের ঝুঁকি।
টেক্সাস ফিল্ম অ্যাওয়ার্ডসে দেয়া বক্তব্যে এলিজা উড জানান, অভিনেতাদের শুরুতেই তিনটি ছবির জন্য চুক্তি করতে হয়েছিল, ফলে সিনেমাগুলোর আর্থিক সাফল্যের সঙ্গে তাদের পারিশ্রমিকের কোনো সম্পর্ক ছিল না। উড বলেন, ‘নিউ লাইন সিনেমা সে সময় একসঙ্গে তিনটি সিনেমা বানানোর জন্য অভিনয়শিল্পী দলকে নিয়ে ঝুঁকি নিয়েছিল, সেটি ছিল একটি প্রকৃত জুয়া। আমরা তো আর একটি সিনেমা করে পরবর্তী সিনেমার জন্য নতুন করে চুক্তি করিনি। ফলে আমাদের জন্য এমন কোনো লাভজনক পরিস্থিতি ছিল না যে নিশ্চিন্তে সারা জীবন চলতে পারবেন।’
জেআরআর টোলকিনের উপন্যাস অবলম্বনে পরিচালক পিটার জ্যাকসন নির্মাণ করেন লর্ড অব দ্য রিংস। ট্রিলোজির প্রথম সিনেমা হিসেবে ‘ফেলোশিপ অব দ্য রিংস’ মুক্তি পায় ২০০১ সালে। পরবর্তী দুই বছরে ধারাবাহিকভাবে মুক্তি পায় ‘দ্য টু টাওয়ারস’ ও ‘দ্য রিটার্ন অব দ্য কিং’। সিরিজে এলিজা উডের পাশাপাশি প্রধান চরিত্রগুলোয় ছিলেন ইয়ান ম্যাককেলেন, লিভ টেইলর, কেট ব্ল্যানচেট, অরলান্ডো ব্লুম ও ক্রিস্টোফার লির মতো তারকারা। অভিনেতারা এ প্রকল্পের গুরুত্ব বুঝতে পেরেছিলেন বলেই এ ঝুঁকিতে রাজি হয়েছিলেন বলে মনে করেন উড। তিনি বলেন, ‘এ ট্রিলোজির সবচেয়ে বড় সুবিধা বলতে আমরা ধরে নিয়েছিলাম এমন কিছুতে চুক্তিবদ্ধ হচ্ছি, যা সারা জীবন নিজেদের জীবনের অংশ হয়ে থাকবে।’
দ্য লর্ড অব দ্য রিংস ট্রিলোজির অভিনেতারা যে তুলনামূলক কম পারিশ্রমিক পেয়েছিলেন, তা হলিউডে প্রায়ই আলোচিত হয়। সিনেমায় এলফ গ্যালাড্রিয়েলের চরিত্রে অভিনয় করা কেট ব্ল্যানচেট বলেছিলেন, ‘কেউই তেমন টাকা পাননি।’ লেগোলাস চরিত্রে থাকা অরল্যান্ডো ব্লুম ২০১৯ সালে জানিয়েছিলেন, তিনি তিনটি ছবির জন্য মোট ১ লাখ ৭৫ হাজার ডলার পেয়েছিলেন। স্যামওয়াইজ গ্যামজি চরিত্রে কাজ করা শন অ্যাস্টিন জানান, তিনি পেয়েছিলেন ২ লাখ ৫০ হাজার ডলার। এলিজা উডকে জিজ্ঞাসা করা হয়েছিল তার আয় সম্পর্কে। এ বিষয়ে তিনি বিশদ ব্যাখ্যা না করে বলেন, ‘সংখ্যাটা আসলে গুরুত্বপূর্ণও নয়।’
সূত্র ও ছবি: দ্য গার্ডিয়ান










