প্রেক্ষাগৃহে চলছে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অভিনীত শঙ্খ দাশগুপ্ত পরিচালিত সিনেমা ‘প্রিয় মালতী’। সিনেমাটিতে মালতী চরিত্রে মেহজাবীনের নিখুঁত অভিনয় দর্শককে মুগ্ধ করেছে নিজের এমন সুসময়ে তার পরিবারের জন্য আরো একটি শুভ সময় এল। তা হলো মেহজাবীনের গল্প ভাবনায় মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় মেহজাবীনের ছোট বোন মালাইকা চৌধুরীর অভিষেক হয়েছে ‘সন্ধিক্ষণ’ নাটকে। এ নাটকে মালাইকা চৌধুরীর বিপরীতে অভিনয় করেছেন দর্শকপ্রিয় অভিনেতা জোভান। গতকাল দুপুর ১২টায় নাটকটি ‘সিনেমাওয়ালা’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে। নিজের ছোট বোনের অভিনয়ে অভিষেক প্রসঙ্গে মেহজাবীন চৌধুরী বলেন, ‘ছোটবেলা থেকেই দেখে এসেছি তার মডেলিং ও অভিনয়ের প্রতি আগ্রহ আছে। পরিবারের অন্যদেরও দেখেছি তার এ আগ্রহের প্রতি ভীষণ ইতিবাচক, যে কারণে মাঝখানে আমি বাধা হয়ে দাঁড়াইনি। পরবর্তী সময়ে মালাইকা একটা বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে। দেখলাম, বেশ সাড়া পাওয়া যাচ্ছিল। এরই মধ্যে সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, সেখানে পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে ওঠে। এদিকে রাজ ভাইয়ের সঙ্গে একদিন আড্ডা দিতে গিয়ে একটি নাটক নিয়ে কথা হয়। তখন আমি দুই লাইনে একটি গল্প ভাবনা দিলাম। সে গল্প ভাবনা নিয়েই তিনি নাটক রচনা করলেন এবং মালাইকাকে নিয়েই নাটকটি নির্মাণের ইচ্ছা প্রকাশ করেন। তখন আমি না করলেও মালাইকার ছুটি চলাকালীন নাটকটি অবশেষে নির্মাণ হয়। আমার বিশ্বাস, ও নিজের মতো পড়াশোনা ঠিকমতো করে অভিনয় চালিয়ে যেতে পারবে। তবে অভিনয়ে অনেক শ্রম দিতে হয়, এখানে পথ চলাটা অনেক কঠিন। মালাইকা যাই করুক না কেন, ও যেন সফল হয়, আমি এটাই চাইব।’
মালাইকা চৌধুরী বলেন, ‘অভিনয়ে আমার অনুপ্রেরণা আমার আপু। ‘‘সন্ধিক্ষণ’’ আমার প্রথম অভিনীত নাটক। প্রথম কাজের জন্য সবার কাছে দোয়া চাই। আপনারা সবাই সন্ধিক্ষণ দেখবেন আর আপনাদের অভিমত জানাবেন।’










