ভালোবাসা দিবসকে সামনে রেখে অনেক শিল্পী তাদের নতুন কাজ নিয়ে আসেন। এ দিবসকে কেন্দ্র করে মুক্তি পায় নাটক সিনেমা গান। এরই অংশ হিসেবে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন সংগীত তারকা হাবিব ওয়াহিদ। শ্রোতাভক্তদের জন্য নিয়ে আসছেন ভালোবাসার গান। এরই মধ্যে গানের ভিডিওটির একটি প্রমো শেয়ার করে সে খবরই জানান দেন তিনি।

গানটির শিরোনাম ‘পাগল হাওয়া’। শ্রাবণের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন হাবিব ওয়াহিদ নিজেই। দেশ ও দেশের বাইরের বিভিন্ন মনোরম লোকেশনে এর দৃশ্যায়ন সম্পন্ন হয়েছে।

গানের ভিডিওটিতে হাবিবের সঙ্গে মডেল হয়েছেন তার স্ত্রী আফসানা চৌধুরী শিফা। এ গানের মধ্য দিয়ে প্রায় চার বছর পর পর্দায় জুটি হয়ে আসছেন হাবিব-শিফা।

আফসানা চৌধুরী শিফা গণমাধ্যমকে বলেন, ‘অনেক দিন পর আমাদের একসঙ্গে স্ক্রিনে আসা, প্রায় চার বছর পর। অভিজ্ঞতা খুবই ভালো। কাজের ব্যাপারে সে বরাবরই পেশাদার। তার মতো একজন পেশাদারের সঙ্গে কাজ করতে ভালোই লাগছিল।’

এর আগে ২০২১ সালে হাবিব ও শিফাকে প্রথমবারের মতো একসঙ্গে দেখা গিয়েছিল ‘রোমান্টিক লাগে’ গানে। এরপর আর তাদের পর্দায় দেখা যায়নি। 

হাবিব ওয়াহিদের নিজের এইচডব্লিউ প্রডাকশন হাউজ থেকে নির্মিত ‘পাগল হাওয়া’ মিউজিক ভিডিওটি ভালোবাসা দিবসে গায়কের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে।