নুহাশ হুমায়ূন নির্মিত চরকি অরিজিনাল সিরিজ ‘২ষ’। চার পর্বের সিরিজটির প্রথম পর্ব ‘ওয়াক্ত’ ওটিটি প্লাটফর্ম চরকিতে মুক্তি পাবে ১৮ ডিসেম্বর রাত ১২টায়। গতকাল বিকালে প্রকাশ পায় সিরিজটির ট্রেলার। চরকির ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে নিশ্চিত করা হয়েছে মুক্তির তারিখ। এর পর থেকেই দর্শক মন্তব্যের ঘরে বলে যাচ্ছেন, ‘অপেক্ষা করছি’। একে একে মুক্তি পাবে পরের পর্বগুলো। কবে কোন পর্ব আসবে, তা জানিয়ে দেয়া হবে চরকির সোশ্যাল হ্যান্ডেলগুলোয়।
সিরিজের অন্য পর্বগুলো হলো ‘ভাগ্য ভালো’, ‘অন্তরা’ ও ‘বেসুরা’। প্রতিটি গল্পের রয়েছে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা। নুহাশ জানান, ভাগ্য ভালো গল্পটি ভাইরাল হওয়া এক জ্যোতিষীকে নিয়ে। অতিপ্রাকৃতিক বিবাহিত জীবন নিয়ে গড়ে উঠেছে অন্তরার গল্প।
সুর-ছন্দ ছাড়া জন্মানো এক শিল্পীর গল্প থাকছে বেসুরায়। ওয়াক্তে থাকছে পাঁচ বন্ধুর পাঁচটি ভিন্ন সময়ের পাঁচ ধরনের পরিণতির গল্প। পর্বগুলোর নামকরণে নির্মাতার পাশাপাশি রয়েছে দর্শকেরও অংশগ্রহণ। চরকির ফেসবুক থেকে করা ক্যাম্পেইনিংয়ের মাধ্যমে পাওয়া নামের সঙ্গে নির্মাতার ইচ্ছায় যুক্ত করে দেয়া হয়েছে এ নামগুলো।
প্রথম সিজন ‘পেট কাটা ষ’-এ নির্মাতা তুলে এনেছিলেন দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা ভৌতিক গল্পগুলো। ২০২২ সালে চরকিতে মুক্তি পাওয়া সিরিজটি পায় তুমুল জনপ্রিয়তা। দ্বিতীয় সিজন মুক্তির খবরে আবারো নড়েচড়ে বসেছেন ভক্ত–দর্শক। অধিকাংশ দর্শকই এর মুক্তির তারিখ জানতে চাচ্ছিলেন। সে অপেক্ষা তাদের শেষ হলো।
নুহাশ হুমায়ূন জানান, দ্বিতীয় সিজনের গল্পগুলোয় অতিপ্রাকৃত বিষয় বা চেহারার–অবয়ব রাখার চেয়ে মনস্তাত্ত্বিক বিষয়ে গুরুত্ব দিয়েছি। এর সঙ্গে দেশ ও সাম্প্রতিক সময়ের ভয়াবহতাকেও ভয় হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছি।’ নুহাশের মতে, দেশে ভূতের ভয়ের চেয়েও বড় হয়ে উঠেছে সামাজিক ভয়। ‘২ষ’-এর প্রতিটি পর্বে মানসিকতার সে অন্ধকার দিক খোঁজার চেষ্টা করেছেন বলে জানান নুহাশ।
২ষ-এর ওয়াক্ত পর্বে পাঁচ বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন অ্যালেন শুভ্র, রিজভী রিজু, রেফাত হাসান সৈকত, আবদুল্লাহ আল সেন্টু, রাফায়াতুল্লাহ সোহান।










