তথ্যপ্রযুক্তির এ যুগে হাত বাড়ালেই পাওয়া যায় সব। প্রযুক্তির আগমনে বিনোদন দুনিয়ায়ও পড়েছে এর প্রভাব। সময়ের সঙ্গে তাল মিলিয়ে বদলে গেছে বিনোদন গ্রহণের ক্ষেত্র। বিনোদনকে আরো বেশি হাতের নাগালে আনার জন্য ডিজিটাল স্ট্রিমিং সাইটগুলো আনছে নিত্যনতুন কনটেন্ট। এরই অংশ হিসেবে প্রতিবারের মতো এবারের ঈদেও ওটিটিতে আসছে বেশকিছু ওয়েব সিরিজ। চরকিতে আসছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন’, হইচইয়ে ‘জিম্মি’ ও বঙ্গতে ‘হাউ সুইট’।
‘মাইশেলফ অ্যালেন স্বপন’
সিরিজটি শেষ হয়েছিল ‘মাইশেলফ শামসুর রহমান স্বপন, ওরফে অ্যালেন স্বপন’ সংলাপ দিয়ে। শেষ দৃশ্যে মুখ ঢাকা এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন স্বপন, যার পরিচয় জানা যায়নি। রহস্যের সে জট খুলতে সিরিজের দ্বিতীয় পর্ব আসছে এবারের রোজার ঈদে।
চরকি জানিয়েছে নাসির উদ্দিন খান অভিনীত সিরিজটি যে সংলাপ দিয়ে শেষ হয়েছিল, সেখান থেকেই এবারের গল্প শুরু হবে।
ওটিটির এ প্লাটফর্ম তাদের ফেসবুক পেজে সিরিজটির মুক্তির অ্যানাউন্সমেন্ট ভিডিও পোস্ট করেছে। যেখানে দেখা গেছে, ছড়িয়ে-ছিটিয়ে থাকা অনেক টাকার মধ্যে দাঁড়িয়ে আছেন অ্যালেন স্বপন। মুখে তার হাসি আর পরনে সাফারি। ভিডিওতে চট্টগ্রামের ভাষায় একজনকে বলতে শোনা যায়, ‘আমার ৪০০ কোটি টাকা কোথায়?’ উত্তরে নাসির উদ্দিন বলেন, ‘আপনাদের কারণে বাইরে আসতেই হলো আমার। মাইশেলফ শামসুর রহমান স্বপন, ওরফে অ্যালেন স্বপন।’
ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে,"‘বদ্দা ইজ ব্যাক! ঈদের সালামি ৪০০ কোটি টাকা!’ সিরিজে ৪০০ কোটি টাকার রহস্য এখনো অধরা। এত পরিমাণ টাকা কার এবং কোথায় লুকানো আছে, সেটিই দেখা যাবে এ সিজনে। সিরিজটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। এতে অভিনয় করেছেন নাসিরুদ্দিন খান, রাফিয়াত রশিদ মিথিলা, আইমন শিমলা, ফরহাদ লিমন প্রমুখ।
‘জিম্মি’
আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে নির্মাতা আশফাক নিপুন পরিচালিত ওয়েব সিরিজ জিম্মি। হইচই অরিজিনাল সিরিজটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী জয়া আহসান। ২৮ মার্চ সিরিজটি মুক্তি পাবে বলে জানিয়েছে হইচই। হইচই জানায়, এ সিরিজে মুখ্য চরিত্রে এটিই জয়া আহসানের প্রথম কোনো ওয়েব সিরিজ। জিম্মিতে তাকে দেখা যাবে রুনা লায়লা নামের সরকারি নিম্নপদস্থ এক কর্মচারীর ভূমিকায়। ১০ বছর ধরে কোনো প্রমোশন পায় না সে। স্বামী-স্ত্রীর টানাটানির সংসার। উচ্চাকাঙ্ক্ষী রুনা লায়লা একদিন অফিসের স্টোররুমে বাক্সভর্তি টাকা পায়। হঠাৎ পাওয়া এ টাকা নিয়ে শুরু হয় টানাপড়েন। শেষ পর্যন্ত লোভের কাছে জিম্মি হয়ে পড়ে সে। সিরিজটিতে জয়া আহসান ছাড়াও আছেন ইরেশ জাকের, শাহরিয়ার নাজিম জয় প্রমুখ।
‘হাউ সুইট’
ঈদে ওটিটি প্লাটফর্ম বঙ্গতে মুক্তির অপেক্ষায় থাকা এ ওয়েবফিল্ম নিয়ে দর্শকের আগ্রহ এরই মধ্যে তুঙ্গে। কমেডির জন্য দর্শকনন্দিত অমি এবার কাজ করছেন রোমান্স নিয়ে। জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণ জুটিকে এক ফ্রেমে বন্দি করেছেন। মিষ্টি প্রেম, কমেডি ও অপ্রত্যাশিত টুইস্টে ভরপুর এ গল্প দীর্ঘদিনের জন্য দর্শকমনে জায়গা করে নেবে বলে প্রত্যাশা অমির।

হাউ সুইটের গল্প আবর্তিত হয় শখের ফটোগ্রাফার আদনানকে ঘিরে। সুইটি নামের এক পালিয়ে আসা কনের সঙ্গে দেখা হওয়ার পর যার জীবন হঠাৎ এক নাটকীয় মোড় নেয়। সুইটির কারণে দুর্ঘটনাবশত আদনানের শখের ক্যামেরাটি নদীতে পড়ে যায়। এ দুর্ঘটনা থেকেই শুরু হয় দারুণ কিছু। ক্যামেরা হারিয়ে ক্ষুব্ধ আদনান ক্ষতিপূরণের জন্য সুইটির পেছনে ছোটে। শুরু হয় একের পর এক অপ্রত্যাশিত ঘটনা। নির্মাতা কাজল আরেফিন অমির পরিচালনায় তারকাবহুল এ সিনেমায় আরো অভিনয় করেছেন পাভেল, সুষমা সরকার, এরফান মৃধা শিবলু প্রমুখ।
উল্লেখ্য, এ পর্যন্ত নতুন কোনো ওয়েব সিরিজ মুক্তির খবর না পেলেও এবারের ঈদে আসতে পারে আরো কনটেন্ট।










