বিশ্বব্যাপী নভেল করোনাভাইরাস প্রাদুর্ভাবের মাঝে সবাইকে অনুপ্রাণিত করার জন্য হলিউড তারকা ইদ্রিস এলবা ‘ডোন্ট কুইট’ নামক একটি কবিতা আবৃত্তি করে শুনিয়েছেন। কবিতাটি আমেরিকান কবি জন গ্রিনলিফ হুইটিয়ারের লেখা। ইদ্রিস বলেন, এ দুর্যোগের মধ্যে মানুষের মনোবল বাড়ানোর উদ্দেশ্যে তিনি কবিতাটি পাঠ করেছেন।

কিছুদিন আগে ইদ্রিস নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এমনকি তার স্ত্রী সাবরিনাও নভেল করোনাভাইরাস পজিটিভ হয়েছিলেন। বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকায় তিনি বাসাতেও ফিরে যেতে পারেননি। সর্বশেষ সংবাদ অনুসারে ইদ্রিস এখন কভিড-১৯ থেকে সেরে উঠেছেন।

ইদ্রিসের মতে, জন গ্রিনলিফ হুইটিয়ারের ‘ডোন্ট কুইট’ কবিতাটি সবাইকে নভেল করোনাভাইরাসের সঙ্গে লড়াই করার এবং হাল না ছাড়ার জন্য অনুপ্রেরণা জাগাবে। আগে থেকেই শ্বাসকষ্টে ভুগতে থাকা ইদ্রিস কভিড-১৯-এ আক্রান্ত হওয়ায় বেশ দুশ্চিন্তায় ছিলেন। তবে মারাত্মকভাবে কোনো ক্ষতি না হওয়ায় নিজেকে ভাগ্যবান বলে মনে করেন তিনি।

বিশ্বজুড়ে প্রত্যেককে বাড়ির অভ্যন্তরে থাকতে এবং মহামারীর মধ্যে নিরাপদ থাকতে অনুরোধ করেন ‘দ্য ডার্ক টাওয়ার’ খ্যাত এ অভিনেতা। তিনি বলেন, এ সংকট মুহূর্ত শেষ হবে এবং নভেল করোনাভাইরাস শেষ হওয়ার পর পুরো বিশ্বই আরো শক্তিশালী হয়ে উঠবে।

 

সূত্র: পিংকভিলা