চরকির জনপ্রিয় ওয়েব সিরিজ ’মাইশেলফ অ্যালেন স্বপন’। রহস্য রেখে শেষ হয়েছিল সিরিজটি। শেষ দৃশ্যে মুখ ঢাকা একজনের সঙ্গে কথা বলছিলেন স্বপন। কে সেই মুখ ঢাকা মানুষ? কেনইবা স্বপনকে খুঁজছিলেন তিনি? এমন আরো কিছু প্রশ্ন রেখে শেষ হয়েছিল অ্যালেন স্বপনকে নিয়ে নির্মিত প্রথম সিরিজ। সেসব জট এবার খুলতে যাচ্ছে। চলে এসেছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’-এর ঘোষণা। ১৪ মার্চ দুপুরে চরকির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সিজন–২ মুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ঈদুল ফিতরেই সিরিজটি দেখতে পাবেন দর্শক। অ্যানাউন্সমেন্ট ভিডিওতে দেখা যাচ্ছে, ছড়িয়ে-ছিটিয়ে থাকা অনেক টাকার মধ্যে দাঁড়িয়ে অ্যালেন স্বপন। মুখে তার চিরচেনা হাসি আর পরনে সাফারি। ভিডিওতে চট্টগ্রামের ভাষায় একজনকে বলতে শোনা যায়, ‘আমার ৪০০ কোটি টাকা কোথায়? এর পরই মুখ খোলেন অ্যালেন স্বপন। বলেন, ‘আপনাদের কারণে বাইরে আসতেই হলো আমার। মাইশেলফ শামসুর রহমান স্বপন, ওরফে অ্যালেন স্বপন’। সিরিজে ৪০০ কোটি টাকার রহস্য এখনো অধরা। এত পরিমাণ টাকা কার এবং কোথায় লুকানো আছে, সেটিও একটি বড় প্রশ্ন হয়ে আছে দর্শকের মনে।

চট্টগ্রামের মাদক ব্যবসায়ী থেকে স্বপন কীভাবে হয়ে ওঠে মানি লন্ডারিংয়ের মূল হোতা, সে গল্প নিয়ে গড়ে উঠেছিল ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজের প্রথম সিজন। নতুন সিজনে বাড়তে পারে স্বপনের কাজের পরিসর; বদলাতে পারে কাজের ধরনও।

‘অ্যালেন স্বপন’ চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। নতুন সিরিজ নিয়ে তার ভাষ্য, ‘অ্যালেন স্বপন চরিত্রটা অনেকেরই দেখা। তারা জানেন, এটা একটা মন্দ চরিত্র। নতুন সিজনে চরিত্রটি আরো ভয়ংকর রূপে হাজির হতে যাচ্ছে। চরিত্রটির যে দুষ্টু স্বভাব, তার ধারাবাহিকতা থাকবে নতুন সিজনেও। সব মিলিয়ে এ চরিত্র নতুন আঙ্গিকে আরো বড় পরিসরে আসছে দর্শকের সামনে।

চরকি অরিজিনাল সিরিজ ‘সিন্ডিকেট’-এর একদম শেষভাগে সবার সামনে আসেন অ্যালেন স্বপন। সিন্ডিকেট থেকে নির্মাণ হয় দেশের প্রথম স্পিনঅফ সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। দুটি সিরিজই নির্মাণ করেন শিহাব শাহীন।

তিনিই নির্মাণ করছেন অ্যালেন স্বপনের দ্বিতীয় সিজন। নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২ নির্মাণের অভিজ্ঞতা সত্যিই চ্যালেঞ্জিং। কিন্তু সে চ্যালেঞ্জগুলোই আমাকে নতুনভাবে অনেক কিছু ভাবতে শিখিয়েছে। প্রথম সিজনের সফলতার পর, দ্বিতীয় সিজন নিয়ে দর্শকের নানা রকম প্রত্যাশা থাকে। আশা করছি নিরাশ হবে না। খুবই প্রাসঙ্গিকভাবে গল্প ও চরিত্র এগিয়েছে। সবকিছুর পরিসর আরো বড় হয়েছে। যখন গল্প লিখি, তখন চরিত্রগুলোর মধ্যে সম্পর্কের জটিলতা ও নাটকীয়তা রাখা ছিল কঠিন, একই সঙ্গে আনন্দদায়ক।’ মাইশেলফ অ্যালেন স্বপন সিরিজটির প্রথম সিজন এত জনপ্রিয় হয় যে ২০২৩-এ চরকিতে সিরিজটি মুক্তির পর আটদিনে ২ কোটি মিনিট স্ট্রিমিং হয়। এমনকি মাত্র ১০০ ঘণ্টায় ১ কোটি মিনিট স্ট্রিমিংয়ের রেকর্ড গড়ে অ্যালেন স্বপন। চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, ‘ওটিটি ইন্ডাস্ট্রির জন্য এ ডাটাগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ অ্যালেন স্বপনকে নিয়ে দর্শকের উচ্ছ্বাস–উন্মাদনা। তাদের এ ভালোবাসাই আমাদের নতুন সিজন নির্মাণ করতে অনুপ্রাণিত করে। অ্যালেন স্বপন ২-এ দর্শক যেন নতুন কিছু পায় এবং তাদের প্রত্যাশা যেন পূরণ হয়, সেভাবেই কাজ হয়েছে। গল্প ও চরিত্রায়ণে থাকছে চমক। আমার বিশ্বাস, নতুন সিজনে দর্শক তাদের প্রিয় সিরিজ–চরিত্রকে আরো দুর্দান্তভাবে পাবে। ঈদেই আসছে সিরিজটি। দর্শকের মাঝে স্বনামে ফিরবে অ্যালেন স্বপন।’

প্রথম সিজনের রাফিয়াত রশিদ মিথিলা, আইমন শিমলা, ফরহাদ লিমন, অর্ণব ত্রিপুরা অভিনয় করেছেন দ্বিতীয় সিজনেও। আছেন নতুন অভিনয়শিল্পীও। তাদের নাম শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছে চরকি কর্তৃপক্ষ।

২০২২ সালের ঈদুল আজহায় মুক্তি পায় আলোচিত চরকি অরিজিনাল সিরিজ ‘সিন্ডিকেট’। তারই চরিত্র ছিল অ্যালেন স্বপন। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় দেয়া বেশ কিছু সংলাপ ও দারুণ অভিনয় দিয়ে চরিত্রটি পায় দর্শকপ্রিয়তা।

২০২৩ সালে মুক্তি পায় মাইশেলফ অ্যালেন স্বপনের প্রথম সিজন।