গত বছর ক্রিস্টোফার নোলান পরিচালিত ‘ওপেনহাইমার’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে অস্কার জিতেছিলেন কিলিয়ান মারফি। সে সময় ঝুলিতে তুলেছিলেন আইরিশ ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ডসও (আইএফটিএ)। এবারো তার নামের পাশে যোগ হলো আইএফটিএ। ক্লেয়ার কিগানের নভেল ‘স্মল থিংস লাইক দিজ’ অবলম্বনে একই শিরোনামে নির্মিত সিনেমায় প্রধান অভিনেতা হিসেবে এ পুরস্কার পেয়েছেন।
আয়ারল্যান্ডের কর্কে জন্ম নেয়া এ অভিনেতা সম্প্রতি ডাবলিনে জমকালো অনুষ্ঠানে সেরা পুরুষপ্রধান অভিনেতার পুরস্কারটি লাভ করেছেন। ‘স্মল থিংস লাইক দিজ’ সেরা চলচ্চিত্র বিভাগে নির্বাচিত হয়েছে। আইএফটিএ জানিয়েছে, এ বছরের মনোনীতরা আয়ারল্যান্ডের অদ্বিতীয় কাহিনীর গল্প বলার ক্ষমতা বৈশ্বিক মঞ্চে তুলে ধরেছেন।
আশির দশকে আয়ারল্যান্ডের ছোট্ট একটি শহরের একজন ছোটখাটো কয়লা ব্যবসায়ী বিল ফারলংয়ের ভূমিকায় অভিনয় করেন। এ ছবিতে তিনি একেবারে স্বল্পভাষী একজন, যে একরোখাভাবে লেগে থেকে ক্যাথলিক চার্চের কিছু গোপন নিষ্ঠুরতার বিষয় উদঘাটন করতে সফল হয়। অল্প বয়সী মেয়ে ও তাদের সন্তানদের প্রতি যে আচরণ করা হয়, তা তুলে ধরা হয় এ সিনেমায়।
কিলিয়ান মারফি আইএফটিএ ছাড়াও ঝুলিতে তোলেন অস্কার, গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড, বাফটা অ্যাওয়ার্ড, স্ক্রিন অ্যাক্টর গিল্ড অ্যাওয়ার্ডস ও ক্রিটিকস চয়েজ মুভি অ্যাওয়ার্ডস। ‘পিকি ব্লাইন্ডার্স’ সিরিজে টমি শেলবি চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে ২০২৩ সালে পেয়েছেন বাফটা টিভি অ্যাওয়ার্ডও।
সূত্র: বিবিসি










