প্রখ্যাত মার্কিন সংগীতশিল্পী বব ডিলানের বায়োপিক নির্মাণ করবেন ওয়াক দ্য লাইন, ফোর্ড ভার্সেস ফেরারি, লোগানখ্যাত পরিচালক জেমস ম্যাঙ্গোল্ড। বায়োপিকটিতে বব ডিলানের চরিত্রে অভিনয় করবেন মার্কিন অভিনেতা টিমোথি শালামে। ফোর্ড ভার্সেস ফেরারি’র পর জেমস ম্যাঙ্গোল্ড টিমোথির সঙ্গে বব ডিলানের ওপর মিউজিক্যাল বায়োপিক নির্মাণে চুক্তিবদ্ধ হয়েছেন। সম্প্রতি টিমোথি অভিনীত লিটল উইমেন মুক্তি পেয়েছে। বর্তমানে তিনি ডেনিস ভিলেনিউভের ডিউন-এর রিমেক এবং ওয়েস অ্যান্ডারসনের দ্য ফ্রাঞ্চ ডিচপ্যাচ-এর জন্য নিজেকে প্রস্তুত করছেন।

এলিজা ওয়াল্ডের লেখা ডিলান গোজ ইলেকট্রিক বইটির ওপর ভিত্তি করে বব ডিলানের বায়োপিকটি নির্মিত হবে। বব যখন ১৯ বছর বয়সে নিউইয়র্কে আসেন, সে সময় শুরু করে কিংবদন্তি এ শিল্পী ও গীতিকারের ফোক থেকে রক সংগীতে প্রবেশ করা—সবকিছুই তুলে ধরা হবে এ মিউজিক্যাল ছবিতে। সম্প্রতি ছবির সঙ্গে যুক্ত ঘনিষ্ঠ একটি সূত্র রোলিংস্টোনকে এ কথা জানিয়েছে।

বব ডিলান নিজেই এ ছবির নির্বাহী প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করবেন বলেও জানা গেছে। তিনি নির্মাতা ম্যাঙ্গোল্ড ও ফক্স সার্চলাইটের সঙ্গে কাজ করছেন। বব ডিলানের ক্যাম্প মিউজিক্যাল ফিল্ম নির্মাণের এ প্রজেক্ট নিয়ে আনন্দ প্রকাশ করেছে, সেসঙ্গে ছবিটি নির্মাণে সক্রিয়ভাবে যুক্ত আছে বলেও সূত্রটি নিশ্চিত করেছে। সূত্রমতে, পিট সিগার, জোয়ান বায়েজ ও উডি গাথ্রিসহ অন্য শিল্পীদেরও ছবিতে তুলে ধরা হবে।

২০১৭ সালে ম্যাঙ্গোল্ড রোলিংস্টোনকে বলেছিলেন, মিউজিক্যাল থিমযুক্ত এমন একটি ছবি তিনি খুঁজছিলেন, যেটা ২০০৫ সালের ওয়াক দ্য লাইনকে অনুসরণ করবে। ওয়াক দ্য লাইন একটি মিউজিক্যাল ফিল্ম, যেখানে জনি ক্যাশ ও জুন কার্টারের প্রেমকাহিনী তুলে ধরা হয়। এর পর থেকে মিউজিক্যাল ছবিগুলো আরো অনেক বেশি ব্যবসাসফল ছবিতে পরিণত হতে থাকে।

এ ধরনের মিউজিক্যাল বায়োপিকগুলো কয়েক দশকের পুরনো সংগীতকে নতুনভাবে তরুণদের কাছে তুলে ধরার ক্ষেত্রেও যথেষ্ট দক্ষতার প্রমাণ দিয়েছে। অন্যান্য বায়োগ্রাফিক্যাল ড্রামা ফিল্মের মধ্যে বোহেমিয়ান রাফসোডি ও রকেটম্যানকে ধন্যবাদ জানিয়েছেন ম্যাঙ্গোল্ড। ফক্সের বোহেমিয়ান রাফসোডি বিশ্বব্যাপী বক্স অফিসে ৯০০ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছিল এবং তারকা রামি মালেক ফ্রন্টম্যান ফ্রেডি মার্কারির চরিত্রে অভিনয় করে অস্কার জিতেছিলেন। অন্যদিকে প্যরামাউন্টের রকেটম্যান-এ জন এল্টনের চরিত্রে অভিনয় করে তারোন এগারটন তার ঝুলিতে তুলে নিয়েছেন গোল্ডেন গ্লোব পুরস্কার।

 

সূত্র: রোলিংস্টোন ও হলিউড রিপোর্টার