বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা ঋষি কাপুর। তিনি জীবনের একটা বড় সময় অভিনয় করেছেন নায়ক হিসেবে বা প্রধান চরিত্রে। গৌণ চরিত্রে তিনি অভিনয় করতে চাইতেন না। কিন্তু হাম তুমে অভিনয় করেছিলেন। সাইফ আলী খানের বাবার চরিত্রে দেখা যায় তাকে। অনেকেই এটিকে তার অভিনয় জীবনের দ্বিতীয় অধ্যায় বলে থাকেন। নায়ক নয়, বরং সিনেমার গুরুত্বপূর্ণ কিছু চরিত্রে অভিনয় শুরু করেন। তবে শুরুতে তিনি এ সিনেমায় অভিনয়ে রাজি ছিলেন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে এর পরিচালক কুনাল কোহলি জানান, ঋষি কাপুর সিনেমাটিতে অভিনয় করতে চাননি, কেননা এটি ছিল একটা ক্যামিও চরিত্র।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কুনাল বলেন, ‘আমি যখন ঋষি কাপুরকে সিনেমার গল্পটা বলি, তিনি সাফ জানিয়ে দিলেন অভিনয় করবেন না। আমি যখন তাকে এর কারণ জিজ্ঞেস করি, তিনি বলেছিলেন, ‘‘এটা তো একটা অতিথি চরিত্র। আমি এ চরিত্র করব না। মাত্র সাতটা দৃশ্য দিচ্ছ আমাকে। আমি এসব করব না।’’ এরপর আমি তাকে বুঝিয়ে বলার চেষ্টা করি।’
কুনাল জানান, তিনি একটা করে দৃশ্য তাকে বুঝিয়ে দেন এবং সেগুলো সিনেমায় কতটা গুরুত্বপূর্ণ তাও জানান। তখন ঋষি কাপুর বলতে শুরু করেন, ‘হ্যাঁ, দৃশ্যটা ভালো। আচ্ছা অন্যটাও তো ভালো।’ কিন্তু তার পরও ঋষি কাপুরের মনমতো হচ্ছিল না। তিনি আরো বেশি স্ক্রিনটাইম আশা করছিলেন। কুনাল বলেন, ‘এরপর তিনি চাইলেন, তাকে যেন আরো কিছু দৃশ্য দেয়া হয়। আমি তাকে বোঝালাম, সে রকম হলে তাকে কেবল এখানে-সেখানে ঘুরতে দেখা যাবে। এর চেয়ে এ অল্প কয়েকটা দৃশ্যে তার উপস্থিতি বেশি গুরুত্ব রাখবে। ঋষি কাপুরকে আমি বলেছিলাম, এ দৃশ্যগুলোর প্রত্যেকটি তাকে কেন্দ্র করেই সাজানো।’
একই সাক্ষাৎকারে কুনাল জানান, সিনেমাটি তার পাশাপাশি যশরাজ ফিল্মসের জন্যও বড় একটা বিষয় ছিল। এর আগে তিনি একই প্রযোজনা সংস্থার ব্যানারে তৈরি করেছিলেন ‘মুঝসে শাদি কারোগি?’ কিন্তু সিনেমাটি বক্স অফিসে ভালো করেনি। হাম তুম বানানোর জন্য বাজেট পেয়েছিলেন মাত্র সাড়ে ৭ কোটি রুপি। এরপর সাড়ে ৮ কোটি রুপিতে নির্মিত হাম তুম ২০০৪ সালে বক্স অফিসে আয় করে ৪২ কোটি রুপির বেশি।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










