কানের পরে ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম চলচ্চিত্র উৎসব ক্লেমোঁ-ফেরঁ ইন্টারন্যাশনাল শর্টফিল্ম ফেস্টিভ্যাল। এ উৎসবে প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে রাজীব রাফির চলচ্চিত্র ‘ওয়ানস আপন আ টাইম ইন উয়ারী বটেশ্বর’।

আগামী ৩১ জানুয়ারি শুরু হওয়া বিশ্বের স্বল্পদৈর্ঘ্য এ চলচ্চিত্র উৎসব শেষ হবে আগামী ৮ ফেব্রুয়ারি। ওয়ানস আপন আ টাইম ইন উয়ারী বটেশ্বর হলো অদ্ভুত ও ভয়ংকরের মধ্যে এক জাদুবাস্তবতাময় যাত্রা।

12

পুরো সিনেমার শুটিংয়ে একটি ড্রোন ব্যবহার করা হয়েছে, যা একে শ্বাসরুদ্ধকর ভিজুয়াল ও একটি ননহিউম্যান দৃষ্টিভঙ্গি দিয়েছে। এটি ফিল্মের গভীরতা ও সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। একই সঙ্গে এ কল্পকাহিনী বাংলাদেশের প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক স্থানগুলোর মধ্যে উয়ারী-বটেশ্বরের এক অদেখা জনপদ ও মানুষের গল্প বলেছে। পরিচালনার পাশাপাশি এর গল্পও লিখেছেন রাজীব রাফি।

সিনেমাটি নিয়ে রাফি বণিক বার্তাকে বলেন, ‘আমি বড় হয়েছি নরসিংদীতে। আমার ছোটবেলায় অনেকটা সময় নরসিংদীতে কেটেছে। নরসিংদীর যে ওয়ারী বটেশ্বর এরিয়া সে জায়গাকে কেন্দ্র করেই সিনেমাটির ভাবনা।’

সিনেমার শুটিং নিয়ে তিনি বলেন, ‘সিনেমার পুরোটাই ড্রোন ব্যবহার করে শুটিং করা হয়েছে। একটা ঘোস্ট লাইক পারসেপশন তৈরি করতেই ড্রোন ব্যবহার করা। অদ্ভুত ও ভয়ংকরের মধ্যে এক জাদুবাস্তবতাময় ভিজুয়াল একটা জার্নি তৈরি করতেই এমনভাবে শুটের পরিকল্পনা।’

সিনেমাটি নিয়ে তিনি আরো বলেন, ‘‌ওয়ানস আপন আ টাইম ইন উয়ারী বটেশ্বর সিনেমাটি এক্সপেরিমেন্টাল, কিন্তু একটা ন্যারেটিভ ফ্লোও আছে। আবার একে ডিটেক্টিভ ফিকশনও বলা যায়। এটা এ কারণে বলছি, ডিটেক্টিভ গল্প মানেই মিসিং পারসনকে খোঁজার গল্প। আমার সিনেমায়ও এ ট্রেড ব্যবহার করেছি, কিন্তু একটু এক্সপেরিমেন্ট ফর্মে। সিনেমাটির প্রডাকশন হাউজ খনা টকিজ থেকে পরিকল্পনা আছে ফেস্টিভ্যালটা শেষ হওয়ার পর বিভিন্ন জায়গায় অনেক শো করার।’

খনা টকিজ প্রডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটির প্রযোজনা করেছেন আশিক মোস্তফা। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ নিলয়, শৈলেন পল, সাবিকুন্নাহার কাঁকন, শ্যামল শিশির, তোতো তীমথিয়, দীপঙ্কর দীপ, এমডি জনি ও নাজিম উদ্দিন।

এটি রাজীব রাফির প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এর আগে তিনি সহকারী পরিচালক ও চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন। ২০১৯ সালে রাজীব রাফির লেখা চিত্রনাট্যে ‘অং রাখাইনের দ্য লাস্ট পোস্ট অফিস’ চলচ্চিত্র এ উৎসবে দেখানো হয়েছে।

ফিল্মটি শুট করা হয়েছে আদি উয়ারী বটেশ্বর এলাকায়, যা বর্তমানে নরসিংদীতে অবস্থিত। পুরোপুরি টিম ইফোর্ট থেকে বানানো এ সিনেমার চিত্রনাট্য করেছেন রাজীব রাফি ও তোতো তীমথিয়। প্রধান সহকারী পরিচালক হিসেবে আছেন গোলাম দাইয়ান কিম, পোশাক পরিকল্পনা করেছেন পূজাঞ্জলি চৌধুরী। মিউজিক রায়হান রিজওয়ানের।