মাবরুর রশীদ বান্নাহ্ পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘বদমাইশ পোলাপান’-এর শেষ পর্ব আজ সন্ধ্যা ৭টায় প্রচার হতে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক নিজেই। দীর্ঘ চার বছরের এ জার্নি শেষ হয়ে যাচ্ছে বিধায় পরিচালকসহ পুরো ইউনিটেরই মনটা ভীষণ খারাপ। কারণ বিশেষত তরুণ দর্শকের কাছে দারুণ জনপ্রিয় হয়ে ওঠা এ ধারাবাহিকের আরো পর্ব নিয়ে প্রত্যাশা ছিল। দর্শক ভেবেছিল, ধারাবাহিকটি চলতেই থাকবে। কিন্তু আজই এটি শেষ হচ্ছে বিধায় বদমাইশ পোলাপানের সবার যেমন মন খারাপ, তেমনি দর্শকেরও মন খারাপ। এ নাটকের গল্প ভাবনা পরিচালকের। রচনা করেছেন মোসাব্বের হোসেইন মুঈদ। নাটকটিতে অন্যতম প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন মাহিমা ও প্রত্যয়। এটি প্রযোজনা করেছেন ইয়েন। পরিচালক বান্নাহ্‌র উদ্যোগে এরই মধ্যে নাটকের শিল্পী কলাকুশলীদের নিয়ে একটি রি-ইউনিয়নও অনুষ্ঠিত হয়েছে। বিশেষভাবে উল্লেখযোগ্য, এ পরিচালকের হাত ধরেই আমাদের নাট্যাঙ্গনে বেশকিছু নতুন শিল্পী এসেছেন। ধারাবাহিকটির মধ্য দিয়েও অনেকের নাট্যাঙ্গনে অভিষেক হয়েছে। এ নাটক প্রসঙ্গে বান্নাহ্ বলেন, ‘মন খারাপ হচ্ছে ভীষণ, এটা আসলে বলে বোঝানোর মতো নয়। কষ্ট হচ্ছে ভেতরে ভেতরে। কারণ যারা এতে কাজ করেছেন, সবাই মন দিয়ে কাজটি করেছেন। অনেক শ্রম দিয়েছেন। আমি তাদের মাঝে মাঝে শাসন করেছি, কাউকে কাউকে বকাও দিয়েছি। তারা যেন মনে কষ্ট না রাখে। আমার এ নাটকের দর্শক ছিল মূলত স্কুল কলেজের শিশুরা। একদিন তারা স্কুল কলেজ থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে, চাকরি করবে। তখন ফেলে আসা দিনের স্মৃতিচারণ করতে গিয়ে আমার এ নাটকের কথা মনে করবে। আবেগে হয়তো কেউ কেউ কেঁদেও ফেলবে। নির্মাতা হিসেবে এটাই আমার প্রাপ্তি, এটাই আমার ভালো লাগার। আমি মনে করি, এটা আমার নির্মাতা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি নাটক, যা আমাকে যুগের পর যুগ দর্শকের মাঝে বাঁচিয়ে রাখবে। আমার ভীষণ ভালো লাগে যখন স্কুল কলেজের রি-ইউনিয়নে, বিশেষত ‘আমার এ ক্লান্ত বিকেল’ গানটি বেজে ওঠে। মনের ভেতর কি যে প্রশান্তি বয়ে যায়, তা বোঝানোর মতো নয়। আমি আমার পুরো ইউনিটের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’ অভিনেত্রী মাহিমা বলেন, ‘মনটা ভীষণ খারাপ। বদমাইশ পোলাপানের দিনগুলো শেষ হয়েই যাচ্ছে। আমার অভিনয় জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে নাটকটি। বদমাইশ পোলাপান আমার পরিবারের মতোই ছিল।’