রাকেশ রোশন পরিচালিত সিনেমা ‘করণ-অর্জুন’। ১৯৯৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেন শাহরুখ খান ও সালমান খান। এটি বলিউডের সফল তারকাবহুল সিনেমার অন্যতম। মুক্তির ৩০ বছর পূর্ণ করতে যাচ্ছে সিনেমাটি। তবে এ সময় পরিচালক রাকেশ রোশন জানালেন, শুটিং চলাকালে এ সিনেমার প্রতি বিরক্তি চলে এসেছিল শাহরুখ-সালমানের।
সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে রাকেশ রোশনের পরিবার নিয়ে তথ্যচিত্র ‘দ্য রোশনস’। সেখানেই এ প্রসঙ্গে কথা বলেন রাকেশ। তিনি বলেন, ‘শাহরুখ খানের এ গল্পের ওপর ভরসা ছিল না। শুটিংয়ের জায়গা নিয়ে আপত্তি ছিল সালমানের। একদিন সালমান আমাকে বলল, ‘‘আপনি একটা বড় মাপের সিনেমা বানাচ্ছেন আর আমাদের নিয়ে এলেন রাজস্থানের একটা গ্রামে। আমি তো এ রকম কিছু ভাবিনি।’’ এর উত্তরও তাকে দিয়েছিলাম। বলেছিলাম, ‘‘সালমান, তুমি একজন অভিনেতা। শুটিং কোথায় হবে, তা চিন্তা করা তোমার কাজ নয়।’
রাকেশ রোশন জানান এ সিনেমার নির্মাণের সময় শাহরুখ ও সালমান তাকে যথেষ্ট সহযোগিতা করেননি। তিনি বলেন, ‘আমি শট রেডি করে বসে থাকতাম। সূর্য ডুবে যেত, কিন্তু তারা শুটিংয়ে আসত না। শেষ মুহূর্তে এসে কোনো রকমে শুট করে চলে যেত।’ এ কথা সমর্থনও করেছেন অভিনেতা শত্রুঘ্ন সিনহা। তিনি বলেন, ‘ওরা রাকেশকে নানাভাবে উক্ত্যক্ত করত। এমনকি তাকে নিয়ে বিদ্রূপও করত।’
মজার ব্যাপার হলো শাহরুখ খান নিজেও এ অভিযোগ স্বীকার করেছেন। তিনি বলেন, ‘এ কথা সত্যি যে আমরা তাকে অত্যাচার করেছি। আমরা আসলে সে রকম অনেক দুষ্টুমি করতাম। সমস্যা তৈরি করতে আমাদের ভালো লাগত।’ এ কথার পর শাহরুখ খান রাকেশ রোশনের স্ত্রীর কথাও স্মরণ করেন। তিনি বলেন, ‘পিংকি জি আমাকে এ নিয়ে অনেক বকেছেন। তিনি বলতেন, আমার এ রকম করা উচিত নয়। আমার কাছ থেকে এ ধরনের আচরণ তিনি আশা করেননি। আসলে আমরা তখনো অনেক তরুণ। পুরো বিষয়টা মজার মতো করে নিয়েছিলাম।’
রাকেশের ক্ষেত্রে সেটা সহ্য করে কাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছিল। তিনি বলেন, ‘আমি ওদের যা-ই বলতাম, ওরা বিপরীত কোনো একটা কথা তুলত।’
কিন্তু সিনেমাটি হিট হয়েছিল। সবার প্রশংসায় শাহরুখ অবাকও হন। তিনি বলেন, ‘আমি অবাক হই যে দর্শক সিনেমাটা এত পছন্দ করেছে। আমি সম্ভবত রাকেশ জির পা ছুঁয়ে তার কাছে নিজের আচরণের জন্য ক্ষমা চেয়েছিলাম। স্বীকার করেছিলাম, সিনেমাটা তিনি যেভাবে ভেবেছিলেন, আমি তা বুঝতেই পারিনি।’
সূত্র ও ছবি: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










