চরকি অরিজিনাল সিরিজ ২ষ। সিরিজটিতে দর্শকের জন্য রয়েছে ভয়ের অন্য রকম এক ব্যাখ্যা। যেখানে হরর কনটেন্টের প্রচলিত ধারণা থেকে বের হয়ে ভিন্ন ধারার কনটেন্ট দেখানোর চেষ্টা করা হয়েছে।

সিরিজটিতে মানুষের অন্তর্গত লালসা, ক্রোধকে ভয়ের গল্পের মাধ্যমে বর্ণনা করার মুনশিয়ানার প্রশংসা করেছে দর্শক। সিরিজটি যে মানের দিক থেকে আন্তর্জাতিক হয়ে উঠেছে, তা দর্শক জানিয়েছে মন খুলে।

সে কারণেই আন্তর্জাতিক উৎসবে অংশগ্রহণ করতে সময় লাগেনি না ২ষ-এ। নুহাশ হুমায়ূন পরিচালিত সিরিজটি ওটিটি প্লাটফর্ম চরকিতে মুক্তির পর পরই জায়গা করে নিয়েছে সাউথ বাই সাউথওয়েস্ট (এসএক্সএসডব্লিউ) চলচ্চিত্র উৎসবে। চার পর্বের সিরিজটি মুক্তি পায় ১৯ ডিসেম্বর, উৎসবে অংশ নেয়ার খবর এল ২৩ জানুয়ারি সন্ধ্যায়।

তথ্যটি নিশ্চিত করে নুহাশ জানান, এসএক্সএসডব্লিউ ফিল্ম ও টিভি উৎসব একটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক উৎসব। সেখানে সিনেমাটির প্রিমিয়ার হওয়ায় নির্মাতা খুবই আনন্দিত। সিরিজের কলাকুশলী, অভিনয়শিল্পীসহ পুরো ইউনিটকে নুহাশ হুমায়ূন ধন্যবাদ দিয়েছেন। তিনি বলেন, ‘আমি খুবই আনন্দিত ও সবার প্রতি কৃতজ্ঞ। তারা ছাড়া সম্পূর্ণ স্থানীয় গল্প ও ঢংয়ে এমন আন্তর্জাতিক মানের কাজ করা সম্ভব ছিল না।’

সিরিজটির প্রথম সিজন ‘পেট কাটা ষ’-এর প্রিমিয়ার হয়েছিল রটারড্যাম ফিল্ম ফেস্টিভ্যালে। দ্বিতীয় সিজনটিও আন্তর্জাতিক উৎসবে জায়গা করে নেয়ায় উচ্ছ্বসিত সিরিজটির প্রযোজক ও চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি। তিনি বলেন, ‘দুটি সিজনে ‘‘ষ’’ ব্র্যান্ডে পরিণত হয়েছে। দেশের কনটেন্ট কীভাবে আন্তর্জাতিক হয়ে ওঠে, তার প্রকৃষ্ট উদাহরণ ষ সিরিজ। ২ষয়ের গল্প ভাবনা ও নির্মাণ আরো বেশি শাশ্বত। যার কারণে দেশের দর্শকও যেমন সিরিজের প্রশংসা করেছে, তেমন বিদেশী জুরি–সমালোচকরাও পেয়েছে অন্য রকম অভিজ্ঞতা।’

উৎসবের এপিসোডিক ক্যাটাগরিতে হবে ২ষ-এ প্রিমিয়ার। আগামী ৭-১৫ মার্চ হবে উৎসব, এর মধ্যে যেকোনো একদিন প্রিমিয়ার হবে বলে জানান নুহাশ। তিনি আরো জানান, এর আগে এ ক্যাটাগরিতে প্রিমিয়ার হয়েছে এইচবিও ‘অরিজিনাল ব্যারি’, ‘সিলিকন ভ্যালি’, প্রাইম ভিডিওর ‘মিস্টার রোবট’। 

সিরিজে অভিনয় করেছেন অ্যালেন শুভ্র, রিজভী রিজু, আবদুল্লাহ আল সেন্টু, মোশাররফ করিম, কাজী নওশাবা আহমেদ, আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, সুমাইয়া শিমু, এরফান মৃধা শিবলু।