ভেনিস ইন্টারকালচার ফিল্ম ফেস্টিভ্যাল ও বুদাপেস্ট চলচ্চিত্র উৎসবে অনারেবল মেনশন অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশের নির্মাতা গোলাম রাব্বানী পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আনটাং’। গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও পরিচালনায় চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন মিজানুর রহমান, প্রসূন আজাদ, চন্দনা বিশ্বাস, জয়নাল আবেদীন, মানিক সাহা প্রমুখ।

মানুষের বাক্‌স্বাধীনতা ও কথা বলার মৌলিক অধিকারের গল্প নিয়ে ২০২৪ সালের শুরুর দিকে গোলাম রাব্বানী তৈরি করেছেন স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘আনটাং’। এরই মধ্যে সিনেমাটি দেশ-বিদেশে হিল চলচ্চিত্র উৎসব, বিইউএফ ফিল্ম ফেস্ট, ইনডিপেনডেন্ট চলচ্চিত্র উৎসব, ভ্রাম্যমাণ চলচ্চিত্র উৎসবসহ বিভিন্ন উৎসবে প্রদর্শিত হয়েছে। দর্শক এবং সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছে।

‘আনটাং’ এর মিউজিক ও সাউন্ড করেছেন আকিব শাওন ও বাউলা নাজমুল। একটি গানে কণ্ঠ দিয়েছেন রাশেদ সাগর। চিত্রগ্রহণে ছিলেন রয় সন্দীপ। প্রোডাকশন ডিজাইন করেছেন সানজিদ মাহমুদ।