নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা সাদিক আবদুল্লাহর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুদক কার্যালয়ে নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে কমিশনের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

দুদক জানায়, সাদিক আবদুল্লাহর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে প্রাথমিক অনুসন্ধান চালানো হয়। অনুসন্ধানে অভিযোগের সত্যতা প্রতীয়মান হওয়ায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারায় তার কাছে সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ জারির সুপারিশ করা হয়।

নোটিশ জারির জন্য সাদিক আবদুল্লাহর নামে জারি করা সম্পদ বিবরণী তার বর্তমান ঠিকানা ঢাকার কলাবাগানের লেক সার্কাস এলাকায়, বরিশাল নগরীর কালীবাড়ী রোড এবং আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামে একাধিকবার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। পরবর্তীতে ৪ নভেম্বর তার গ্রামের বাড়ির দরজায় সম্পদ বিবরণী ফরম টানিয়ে নোটিশ জারি করা হয়।

নোটিশ জারির পর নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে আসামি সম্পদ বিবরণী দাখিল না করায় তিনি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়।

দুদক আরো জানায়, মামলাটির ঘটনাকাল ধরা হয়েছে ১৬ অক্টোবর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত। ঘটনার স্থান হিসেবে দুদকের প্রধান কার্যালয়, কলাবাগান, বরিশাল নগরী এবং আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন এলাকা উল্লেখ করা হয়েছে।