উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের (জেট এ-১) দাম আবারো বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অক্টোবরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় ধরনের ফ্লাইটের জন্য জেট এ-১-এর দাম প্রায় ১০ দশমিক ৩ শতাংশ বাড়ানো হয়েছে।
অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দাম প্রতি লিটার ১৮২ দশমিক ৭১ টাকা নির্ধারণ করা হয়েছে, যা সেপ্টেম্বরে ছিল ১৬৫ দশমিক ৬৫ টাকা। অর্থাৎ আগের মাসের তুলনায় প্রতি লিটারে ১৭ দশমিক শূন্য ৬ টাকা বা ১০ দশমিক ৩ শতাংশ বেড়েছে। দেশী ও বিদেশী এয়ারলাইনস পরিচালিত আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১ দশমিক ১৮৮ ডলার। এ দামের মধ্যে কাস্টমস ডিউটি ও ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে।
সেপ্টেম্বরে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দাম ছিল প্রতি লিটার ১ দশমিক শূন্য ৭৭ ডলার। অর্থাৎ আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটারে দাম বেড়েছে শূন্য দশমিক ১১১ ডলার বা প্রায় ১০ দশমিক ৩ শতাংশ।
বিইআরসির গতকাল জারি করা এক আদেশে বলা হয়েছে, ৫ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জেট এ-১-এর প্রকাশিত প্ল্যাটস রেটের গড়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) লেটার অব ক্রেডিট নিষ্পত্তিতে বিবেচিত ডলারের বিনিময় হার এবং অন্যান্য প্রাসঙ্গিক ব্যয় উপাদানের ভিত্তিতে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
কমিশন জানিয়েছে, অক্টোবরের দাম চূড়ান্ত করার আগে আন্তর্জাতিক বাজারে জেট এ-১-এর দাম, বিনিময় হার এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যয় পর্যালোচনা করা হয়েছে। বিইআরসির আদেশ অনুযায়ী, সংশোধিত দাম মধ্যরাত থেকে কার্যকর হবে।










