চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর বন্যার পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার (১৭ আগস্ট) দুপুর সোয়া ৩টার দিকে তাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মারা যাওয়া দুজন হলেন— পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের চরমহনপুর চকপাড়া এলাকার আরিয়ান (৪) ও তাহমিদুর রহমান রিহান (৭)। আরিয়ান স্থানীয় খোকনের ছেলে ও রিহান একই এলাকার লিটনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বন্যার পানিতে চকপাড়ার একটি অংশ ডুবে গেছে। সেখানে প্রায়ই স্থানীয়রা গোসল করেন। রোববার দুপুর আড়াইটার দিকে আরিয়ান ও রিহান বাড়ির পাশের পানিতে মাছ ধরতে ও গোসল করতে গিয়ে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মেডিকেল কর্মকর্তা মুনিরা বলেন, স্বজনরা দুই শিশুকে জরুরি বিভাগে আনেন। তবে দুজনই হাসপাতালে আসার আগেই মারা গেছেন।

আরিয়ানের মা রোজিনা বেগম বলেন, তার ছেলে আগে কখনো নদীতে গোসল করতে যায়নি। সেদিন চাচাতো ভাই রিহান তাকে ডেকে নিয়ে যায়। মাছ ধরতে গিয়েই দুই শিশু ডুবে মারা যায়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান জানান, ঘটনাটি অপমৃত্যু হিসেবে থানায় মামলা করা হবে। এরপর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।