গজারিয়ায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত হয়েছেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় সিলেট, গাজীপুর ও ভালুকায় আরো তিনজন প্রাণ হারিয়েছেন। গতকাল দিনের বিভিন্ন সময় এসব দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে-
মুন্সিগঞ্জ: গজারিয়ার বালুয়াকান্দি এলাকায় দ্রুতগতির প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে চালক আব্দুর রহিম (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো একজন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আব্দুর রহিম নোয়াখালীর চাটখিল উপজেলার রেজ্জাকপুর গ্রামের সুরত আলীর ছেলে বলে জানিয়েছে পুলিশ।
গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই রিয়াদ হোসেন জানান, মরদেহ ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি মহাসড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
সিলেট: ট্রাকের ধাক্কায় দুলাল চৌধুরী (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহী আহত হয়েছেন। গতকাল দুপুরে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের মোগলাবাজারের শিববাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুলাল চৌধুরী হবিগঞ্জে লাখাই উপজেলার করাব গ্রামের আলাউদ্দিনের ছেলে। আহত আব্দুল আউয়াল চৌধুরী (৪৬) মোগলাবাজার থানায় কনস্টেবল হিসেবে কর্মরত। মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
গাজীপুর: ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে লিটন সরকার (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল গাজীপুর পুলিশলাইনসের সামনে এ দুর্ঘটনা ঘটে। লিটন সরকার কাপাসিয়া উপজেলার রায়েদ গ্রামের সাহিদ আলী মেম্বারের ছেলে।
পুলিশ জানায়, কাপাসিয়া থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে খতমে নবুওয়াত সম্মেলনে যাচ্ছিলেন লিটন সরকার। এ সময় একটি ট্রাক ওভারটেকিং করতে গিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে লিটন ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ময়মনসিংহ: ভালুকায় রাস্তা পার হওয়ার সময় ব্যাটারিচালিত অটোরিকশার নিচে চাপা পড়ে জান্নাত আরা (৭) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল সকালে ভরাডোবা-ঘাটাইল সড়কের নারাঙ্গী চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে। জান্নাত উপজেলার মেঞ্জেনা গ্রামের জুলহাস উদ্দিনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জান্নাত তার চাচা এমরান মিয়ার সঙ্গে স্কুলে যাচ্ছিল। নারাঙ্গী চৌরাস্তা পার হওয়ার সময় ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দেয়।










