ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, ‘জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের সঠিক চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে সমাজে তাদের স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে সরকার সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে। উপযুক্ত চিকিৎসা সুবিধা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিয়ে এসব শিশুর মুখে অনাবিল হাসি ফোটানো আমাদের সামাজিক ও জাতীয় দায়িত্ব।’
গতকাল রাজধানীর শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক দাতব্য প্রতিষ্ঠান ‘স্মাইল ট্রেন আমেরিকা’র সার্বিক সহযোগিতায় নিউ লাইফ হসপিটাল ক্লেফট প্রজেক্ট ও চাইল্ড হেলথ অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত ‘বিশ্ব হাসি দিবস ২০২৬’ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ উপলক্ষে জন্মগত ঠোঁট ও তালু কাটা অপারেশনে সুস্থ হওয়া শিশুদের উপস্থিতিতে এক মিলনমেলা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে তথ্যপ্রযুক্তিমন্ত্রী বলেন, ‘হাসি একটি সর্বজনীন ভাষা। বিশেষ করে একটি শিশুর মুখের হাসি শুধু তার নিজের নয়, তার পরিবার ও পুরো সমাজকে আনন্দিত করে। একটি সুস্থ ও হাসিখুশি শিশুই আগামী দিনের সুস্থ ও সমৃদ্ধ সমাজ ও জাতি গড়ে তুলবে। তাই শিশুদের সুস্থতা, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এবং স্মাইল ট্রেন-বাংলাদেশ ও নেপালের প্রোগ্রাম ডিরেক্টর এবিএম মোবাশ্বের হোসেন। বক্তারা জন্মগত ত্রুটিমুক্ত সমাজ গঠনে সচেতনতা সৃষ্টি ও বিনামূল্যে অস্ত্রোপচার কার্যক্রম আরো সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
চাইল্ড হেলথ অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও নির্বাহী প্রধান অধ্যাপক ডা. বিজয় কৃষ্ণ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. শামীম আরা খান চৌধুরী, বিশ্ব হাসি দিবস ২০২৬ উদযাপন কমিটির সদস্য সচিব ডা. আসলামুল ইসলাম রুদ্র ও নিউ লাইফ হাসপাতাল (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আসাদুজ্জামান।
অনুষ্ঠানে সফল অস্ত্রোপচারের মাধ্যমে সুস্থ হয়ে ওঠা শিশু ও তাদের অভিভাবকদের মধ্যে শুভেচ্ছা উপহার দেয়া হয়।










