পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাপাসিয়ার পাবুর দক্ষিণ পাড়া এলাকায় সকালে গরুর ঘাস কাটা নিয়ে বিরোধের জেরে নিলয় সরকার নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। নিহত নিলয় ওই এলাকার মনির সরকারের ছেলে। চাচাতো ভাই রাসেলের সঙ্গে ঘাস কাটা নিয়ে কাটাকাটির একপর্যায়ে নিলয় বাজার থেকে ফেরার পথে ওত পেতে তার ওপর হামলা চালানো হয়।
একই উপজেলায় নিখোঁজের তিনদিন পর জাহিদ হাসান (৫) নামে এক শিশুর ভাসমান মরদেহ ব্রহ্মপুত্র নদ থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে খিরাটি গ্রামে নিজ বাড়ি থেকে প্রায় ৪০০ মিটার দূরে নদের ঘাটে শিশুটির মরদেহ ভেসে ওঠে। ২৭ আগস্ট থেকে নিখোঁজ ছিল জাহিদ।
কালিয়াকৈরের গলাচিপা এলাকার জঙ্গল থেকে অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা, তা তদন্ত করছে পুলিশ।
জয়দেবপুর-ঢাকা রেলসড়কের মৌচাক স্টেশন এলাকায় সকালে ট্রেনে কাটা পড়ে আবু বকর নামে এক বাক্প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক আহমেদ জানান, নিহতের বাড়ি স্থানীয় হওয়ায় স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।










