বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গতকাল এনসিপির সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক শোকবার্তায় এ শোক জানানো হয়।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের পক্ষ থেকে শোকবার্তায় বলা হয়, ‘খালেদা জিয়া তার দীর্ঘ রাজনৈতিক জীবনে স্বৈরাচারবিরোধী আন্দোলন ও গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নব্বইয়ের গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে সংসদীয় শাসন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা পুনরুদ্ধারে তার অবদান ছিল উল্লেখযোগ্য।’ এতে আরো বলা হয়, ‘দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বহুবার কারাবরণ, দমন-পীড়ন ও প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হলেও দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রশ্নে আপসহীন অবস্থান বজায় রেখেছেন। তার রাজনৈতিক দৃঢ়তা ও নেতৃত্ব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে।’
শোকবার্তায় বলা হয়, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম ও নেতৃত্ব গণতন্ত্রকামী মানুষের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
এনসিপি মরহুমার রুহের মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবার, দলীয় নেতাকর্মী ও দেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানায়।










