বগুড়া শহরের মম ইন পার্কে বেড়াতে আসা লোকজনের কাছে চাঁদা দাবির অভিযোগে সদর থানার দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার রাতে পুলিশ সুপারের নির্দেশে তাদের থানা থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইনসে যুক্ত করা হয়।
প্রত্যাহারকৃতরা হলেন বগুড়া সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল্লাহ আল মোস্তফা ও কনস্টেবল (ড্রাইভার) মাহিদুর রহমান।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে। ডিউটির বাইরে কাউকে না জানিয়ে ওই দুই পুলিশ সদস্য মম ইন পার্কে যান। সেখান থেকে অভিযোগ আসায় তাদের প্রত্যাহার করা হয়েছে।
জানা যায়, শুক্রবার রাত ৯টার পরে এএসআই মোস্তফা ও কনস্টেবল মাহিদুর একটি মোটরসাইকেলযোগে সদর থানা থেকে ৭ কিলোমিটার দূরে মম ইন ইকো পার্কে যান। সাদা পোশাকের এই দুই পুলিশ সদস্য ওই পার্কে মোটরসাইকেল নিয়ে বেড়াতে আসা লোকজনকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করে হয়রানি করতে থাকেন। রাত সাড়ে ৯টার দিকে তারা তিনজন আরোহীসহ একটি মোটরসাইকেল আটক করেন। পরে তাদের কাছে দুই হাজার টাকা দাবি করেন পুলিশ সদস্যরা। এনিয়ে মোটরসাইকেল আরোহীদের সঙ্গে দুই পুলিশের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অন্যান্য লোকজন দুই পুলিশ সদস্যকে ঘেরাও করে। খবর পেয়ে মম ইন ইকো পার্কের কর্মকর্তারা সেখানে গিয়ে দুই পুলিশ সদস্যের পরিচয় নিশ্চিত হয়ে তাদের থানায় পাঠিয়ে দেন। বিষয়টি ওই রাতেই পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে তাদের থানা থেকে প্রত্যাহার করা হয়।










