ফিফা বিশ্বকাপ ২০২৬-এর বাছাই পর্বে দ্বিতীয় রাউন্ডে আজ মধ্যপ্রাচ্যের দল লেবাননের মুখোমুখি হবে বাংলাদেশ। ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় ‘আই’ গ্রুপের এ ম্যাচ শুরু হবে সন্ধ্যা পৌনে ৬টায়। নিজেদের মাঠে খেলতে যাওয়া এ ম্যাচ থেকে পয়েন্ট পেতে আশাবাদী বাংলাদেশ। 

নিজেদের প্রথম ম্যাচে মেলবোর্নে অস্ট্রেলিয়ার কাছে ৭-০ গোলে হেরেছে বাংলাদেশ। সে ধাক্কা সামলে না উঠতেই আজ আরেক শক্তিশালী দল লেবাননের সামনে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার নামের পাশে ৩ পয়েন্ট। লেবানন ও ফিলিস্তিনের পয়েন্ট ১ করে। বাংলাদেশ এখনো পয়েন্ট পায়নি। আজই পয়েন্ট চান বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া।

গতকাল সংবাদ সম্মেলনে জামাল বলেন, ‘কোচ বলেছেন আমরা তিনদিন আগে এসেছি। রিকভারি করেছি। অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে আলাপ করেছি। এখন আমাদের ওই ম্যাচটা ভুলে যেতে হবে। এগিয়ে যেতে হবে। কেননা আমি মনে করি, বিশেষ করে লেবানন ও ফিলিস্তিন ম্যাচে আমরা পয়েন্ট নিতে পারি। ওরা আমাদের চেয়ে অত দূরের দল নয়। আমরা এরই মধ্যে লেবাননের বিপক্ষে খেলেছি। আমরা সবাই আগামীকাল (আজ) চেষ্টা করব ভালো কিছুর জন্য।’

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা আছে আমাদের। এখনো পাঁচটা ম্যাচ আছে। আমাদের লক্ষ্য হচ্ছে দ্বিতীয় পজিশন। দেশের মানুষের এবং সমর্থকদের পাশে চাই। আমি জানি, এ ধরনের ম্যাচ কঠিন, কিন্তু আমাদের বিশ্বাস রাখতে হবে, তা না হলে সেটা দলের জন্য কঠিন হয়ে উঠবে। নিজেদের প্রতি বিশ্বাস আছে আমাদের, বিশ্বাস করি এই গ্রুপে কিছু একটা করতে পারব আমরা। আমার নিজের বিশ্বাস আছে, এ দলই গত ছয়-সাত মাস ভালো পারফর্ম করেছে, ভবিষ্যতেও এরা ভালো করবে।’

ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশ ১৮৩ নম্বরে। সেখানে গ্রুপের অস্ট্রেলিয়া ২৭তম, ফিলিস্তিন ৯৬তম ও লেবানন ১০৪তম। এর পরও ভালো করতে আশাবাদী জামাল। তিনি বলেন, ‘সত্যি বলতে মালদ্বীপ একটা পর্যায়ের দল, লেবানন আরেকটু ওপরের দল। আমার নিজের বিশ্বাস আছে। মানুষ মনোযোগ দেয় শেষ ম্যাচের দিকে, আমাদের ফোকাস লেবানন ও ফিলিস্তিন ম্যাচের দিকে। এমনকি অস্ট্রেলিয়া ম্যাচের আগেও আমরা বলেছি, আমাদের মূল দৃষ্টি এ দুই প্রতিপক্ষ নিয়ে।’

বাংলাদেশ ম্যাচ নিয়ে লেবানন কোচ নিকোলা জুরসেভিচ বলেন, ‘আগামীকালের (আজ) ম্যাচটি কেবল আমাদের জন্য নয়, বাংলাদেশের জন্যও গুরুত্বপূর্ণ। দুই দলই পাঁচদিন আগে ম্যাচ খেলেছে। এমিরেটস থেকে ঢাকা আসতে আমাদের অনেক ঝামেলা পোহাতে হয়েছে, বাংলাদেশও অস্ট্রেলিয়া থেকে ভালো কিছু নিয়ে ফেরেনি। আমরা এখানে তিনটি ট্রেনিং সেশন করেছি। কাল (আজ) আরেকটি করব। এ ম্যাচ নিয়ে মনোযোগী আছি, অনুপ্রাণিত আছি। আমি মনে করি, কাল কঠিন ম্যাচ হবে।’ 

তবে আশা করি, আমার দল ভালোভাবে সাড়া দেবে এবং ভালো ফল নিয়ে মাঠ ছাড়বে।’

র‍্যাংকিংয়ের অনেক তফাৎ থাকলেও গত সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের দেখায় লেবাননের কাছে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। ওই ম্যাচে রক্ষণে দারুণ দৃঢ়তা দেখিয়েছিল দল। এবার ঘরের মাঠে তাদের চোখে চোখ রেখে লড়াই করতে আশাবাদী বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। আগামীকালের (আজ) ম্যাচ নিয়ে আমরা ভীষণ রোমাঞ্চিত। আমরা জানি, লেবাননের বিপক্ষে আমরা লড়াই করতে পারি। তাদের পর্যায়ে খেলতে পারি। নিজেদের নিয়ে আমরা আত্মবিশ্বাসী আছি। ৩ পয়েন্টের জন্য ওদের বিপক্ষে আমরা হাড্ডাহাড্ডি লড়াই করার ব্যাপারে আশাবাদী।’