প্রয়াত শিল্পপতি সৈয়দ মঞ্জুর এলাহী ছিলেন একজন অসাধারণ ব্যক্তি। দেশের অর্থনীতিতে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার অর্থনীতি বিষয়ক বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। বণিক বার্তা ও বিআইডিএসের আয়োজনে ‘গুণীজন সংবর্ধনা ২০২৫’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু হোটেলে এ গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়।এ সময় আনিসুজ্জামান সৈয়দ মঞ্জুর এলাহীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

ড. ফিরদৌসী কাদরীর বিষয়ে তিনি বলেন, ‘বিজ্ঞানীর কোনো লিঙ্গ পরিচয় নেই। বিজ্ঞানের চর্চা খুবই জরুরি। এখনের যুগটি বিজ্ঞানেরই যুগ। বিজ্ঞান মানবতাবিহীন নয়। মানুষের মঙ্গলের জন্যই বিজ্ঞান। এটি প্রমাণ করেছেন ড. ফিরদৌসী কাদরী। তার প্রতি আমি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

ড. আনিসুজ্জামান চৌধুরীর শিক্ষক ছিলেন অধ্যাপক আমিরুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে তিনি এ শিক্ষাবিদকে নিয়ে দীর্ঘ স্মৃতিচারণ করেন। আনিসুজ্জামান বলেন, ‘অধ্যাপক আমিরুল স্যারের স্ত্রী বেনু আপা আমাকে বামপন্থী রাজনীতিতে উদ্বুদ্ধ করেছিলেন। আমরা যখন খুব ছোট তখন বেনু আপা চট্টগ্রাম কলেজের বিপ্লবী নেত্রী ছিলেন। উনার হাতেই বামপন্থী ছাত্ররাজনীতির হাতেখড়ি। এরপর চট্টগ্রাম থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসলাম। আমি স্বাধীনতার পরের প্রথম ব্যাচের ছাত্র। বাবা খুবই চিন্তিত ছিলেন আমার রাজনীতির কারণে। ভাবলেন, শেষ হয়ে যাবে। তখন বাবা বললেন, ঢাকায় যদি পড়তেই যাও, তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাও। তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চিনতামই না। এরপর এক শিক্ষকের সঙ্গে পরিচয় হলো। তখন তিনি আমাকে খুবই গম্ভীর স্বরে বললেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যদি একটা গাধা বের হয়, সবাই বলবে ঘোড়া বের হয়েছে। আর জাহাঙ্গীরনগর থেকে একটি ঘোড়া বের হলেও মানুষ বলবে, গাধা বের হয়েছে।’ আমি আরো দ্বিধান্বিত হলাম। বাবাকে সবকিছু বললাম। তিনি আমাকে বললেন, ‘তুমি এর-ওর কাছে না গিয়ে আমিরুল ইসলামের কাছে যাও।’ এরপর থেকে তিনি আমার লোকাল অভিভাবক হয়ে গেলেন।

প্রধান উপদেষ্টার অর্থনীতি বিষয়ক বিশেষ সহকারী বলেন, ‘তিনি লোকাল অভিভাবক হওয়ায় সুবিধা-অসুবিধা দুটোই ছিল। আমি ছাত্ররাজনীতি করতাম। তিনি সবসময় বলতেন, এসব তোমার সঙ্গে মানায় না। তোমার ভালো রেজাল্ট করতে হবে। তিনি বিভিন্ন বিষয়ে আমাকে সতর্ক করতেন। বলেছিলেন, তুমি যদি এসব করতে থাকো, তাহলে বিশ্ববিদ্যালয়ে চাকরি পাবে না। শেষ পর্যন্ত আমি বিশ্ববিদ্যালয়ে চাকরি পাইনি, এটিও সত্য।”

অধ্যাপক আমিরুল ইসলামের বিষয়ে তিনি আরো বলেন, ‘স্যার খুবই রসিক ছিলেন। একদিন আমাদের ক্লাসের প্রায় শেষ দিকে একজন ছাত্র হন্তদন্ত করে এসে বলল, ‘স্যার, ক্লাসে আসবেন?’ স্যার হ্যা-না কিছুই না বলে জবাব দিলেন, ‘তোমার হলো শুরু, আমার হলো সারা!’ তিনি এমনই রসিক ছিলেন। উনি নিঃসন্দেহে একজন ভালো শিক্ষক। উনার সবচেয়ে বড় গুণ হলো জটিল বিষয়গুলো সহজ ভাষায় আমাদের সামনে তুলে ধরা। উনি আমাদের পাবলিক ফাইন্যান্স পড়াতেন। আমার মনে আছে, খুবই যত্নসহকারে পড়াতেন। প্রত্যেকটি ছাত্র উনার প্রিয়জন ছিলেন। ভাই-সন্তানের মতো করে পড়াতেন। এমন শিক্ষক এখনো হয়ত আছেন, কিন্তু আমার কাছে মনে হয়, কয়েকজন বিরল শিক্ষকের মধ্যে অধ্যাপক আমিরুল ইসলাম চৌধুরী একজন।’