বরিশালে মেয়েকে হত্যার অভিযোগে লিপি আক্তার (৩০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। গতকাল দুপুর ১২টায় কাউনিয়া থানায় বরিশাল মেট্রোপলিটন (বিএমপি) পুলিশের বিএমপি উপপুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার এ তথ্য জানিয়েছেন। আটক লিপি আক্তার জেলার কাউনিয়া থানাধীন সায়েস্তাবাদ ইউনিয়নের ছোট রাজাপুর গ্রামের মো. সোহরাব হাওলাদারের স্ত্রী।
সংবাদ সম্মেলনে মোহাম্মদ জাকির হোসেন মজুমদার জানান, সায়েস্তাবাদ ইউনিয়নের রামকাঠি গ্রামের নুরু খানের ছেলে কবির খানের সঙ্গে পরকিয়ায় জড়িয়ে পড়েন লিপি আক্তার। ২৭ মে দুপুরে কবির খানের সঙ্গে আপত্তিকর অবস্থায় লিপি আক্তার দেখে ফেলে তার মেয়ে তন্নি আক্তার (১৩)। তন্নি আক্তার এ ঘটনা তার বাবাকে বলে দেয়ার কথা বললে লিপি আক্তার ও কবির খান মিলে তাকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। হত্যা নিশ্চিত করে তাকে গলায় দড়ি দিয়ে ঘরের সঙ্গে ঝুলিয়ে রাখে। এরপর তন্নি আত্মহত্যা করেছে বলে বিষয়টি এলাকায় ছড়িয়ে দেয়। এ ঘটনায় বাদী হয়ে মামলা দায়ের করেছেন তন্নির বাবা সোহরাব হাওলাদার। আটক লিপিকে আদালতে পাঠানো হয়েছে।
সংবাদ সম্মেলনে আরো বলা হয়, উপপুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার মামলার তদন্তের দায়িত্ব দেন কাউনিয়া থানা পুলিশের ওসি (তদন্ত) ছগির হোসেনকে। ওসি ঘটনাস্থলে গিয়ে হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কাউনিয়া জোনের সহকারী পুলিশ কমিশনার রবিউল ইসলাম শামীম, কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচএম আবদুর রহমান মুকুল প্রমুখ।









