মানিকগঞ্জে মাইক্রোবাস চালক জাহাঙ্গীর আলম হত্যা মামলায় দুই ব্যক্তিকে মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে ছয়জন আসামির মধ্যে তিনজনের উপস্থিতিতে এ রায় দেন মানিকগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য্য।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত আইনজীবী রঞ্জন বসাক এ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত জাহাঙ্গীর আলম ময়মনসিংহের হালুয়াঘাটের ঘোষেবের এলাকার মুকলেসুর রহমানের ছেলে। তিনি পেশায় প্রাইভেটকার চালক ছিলেন।
মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন, ওমর হোসেন সাইফুল (পলাতক) আরিফুজ্জামান সজীব (পলাতক) এবং যাবজ্জীবন প্রাপ্তরা হলেন, আব্দুল্লাহ আল মামুন, ফরহাদ হোসেন, মোহাম্মদ আলী সীমান্ত (পলাতক) ও আজিম খান। এদের প্রত্যেকের বাড়ি টাঙ্গাইলের নাগরপুরে।
এজহার সূত্রে জানা যায়, ২০১১ সালের ২৮ জানুয়ারি মানিকগঞ্জের ঘিওর উপজেলার কুসন্ডা এলাকায় প্রাইভেটকার চালক জাহাঙ্গীর আলমকে শ্বাসরোধে হত্যা করে গাড়ি নিয়ে পালিয়ে যায় আসামিরা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। এ ঘটনার রাতে ঘিওর থানার এসআই লুৎফর রহমান বাদী হয়ে অজ্ঞাত নামায় একটি হত্যা মামলা দয়ের করেন এবং ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। ২০১২ সালের ২৬ ফেব্রুয়ারি আসামিদের অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়া হয়। ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ বিচারক এ রায় দেন। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত আইনজীবী রঞ্জন বসাক রায়ে সন্তোষ প্রকাশ করলেও আসামি পক্ষের আইনজীবী বুলবুল আহমেদ গোলাপ ও আহসান হাবীব উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন।










