যশোর শহরের আরএন রোডে ১১০টি টং ঘর নিয়ে গড়ে উঠেছিল নতুন বাজার। ১৯৬৭ সালে গড়ে ওঠা বাজারে মোটর পার্টস, হোটেল ও মুদিসহ সবজি দোকান ছিল। ২০১৯ সালের জুনে ঘরগুলো উচ্ছেদ করে পৌর কর্তৃপক্ষ। প্রতিশ্রুতি দেয়া হয়েছিল নতুন করে বহুতল মার্কেট নির্মাণের। মার্কেট নির্মাণ দূরে থাক, সাড়ে চার বছরেও কাজ শুরু হয়নি। এ নিয়ে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন উচ্ছেদ হওয়া ব্যবসায়ীরা। পৌর কর্তৃপক্ষ বলছে, বিশ্বব্যাংকের অর্থায়নে জাতীয় নির্বাচনের পরই সেখানে আধুনিক মার্কেটের নির্মাণকাজ শুরু হবে।

নতুন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তফা কামাল ফারুক লিটন বলেন, ‘১৯৬৭ সাল থেকে বাজারটি চলে এলেও ২০১৯ সালের জুনে আমাদের উচ্ছেদ করা হয়। সে সময়ে পৌর কর্তৃপক্ষ আমাদের কথা দিয়েছিল সেখানে মার্কেট করে দেবে। কিন্তু সেটি শুধু যে নিছক কথার কথা ছিল, তা আমরা এখন বুঝতে পারছি। আমরা বর্তমান মেয়রের সঙ্গে কয়েক দফা দেখা করেছি। তিনি বরাদ্দ পেলে সেখানে মার্কেট করে দেবেন বলে আশ্বস্ত করেছেন। কবে নাগাদ তা বাস্তবায়ন হবে সে বিষয়ে নিশ্চিত করে বলতে পারেননি।’

যশোর পৌরসভার নির্বাহী প্রকৌশলী শরীফ হাসান বলেন, ‘ওই স্থানে বিশ্বব্যাংকের একটি প্রকল্পের মাধ্যমে ছয়তলার আধুনিক মার্কেট নির্মাণের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে যশোর পৌরসভার চুক্তি হয়েছে ২০২১ সালে। এরই মধ্যে ওই প্রকল্পের কর্মকর্তারা নতুন বাজার এলাকা পরিদর্শন করে আমাদের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছেন।’ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রকল্পে অর্থ বরাদ্দ পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।