রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত প্রকৌশল অনুষদের একাডেমিক প্রোগ্রামগুলোর মূল্যায়ন ও স্বীকৃতি বিষয়ে দুদিনব্যাপী কর্মশালা গতকাল শেষ হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায় আইকিউএসি কনফারেন্স কক্ষে এ কর্মশালার উদ্বোধন করেন উপউপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া।

আইকিউএসির পরিচালক অধ্যাপক দুলাল চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রকৌশল অনুষদের অধিকর্তা অধ্যাপক আবু জাফর মু. তৌহিদুল ইসলাম বক্তব্য রাখেন। শুভেচ্ছা বক্তব্য দেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক মো. মশিহুর রহমান। সেলের অতিরিক্ত পরিচালক অধ্যাপক মো. আবদুর রশিদ সরকার কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন।

দুই পর্বের এ কর্মশালায় রিসোর্সপারসন হিসেবে ছিলেন রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক। সেখানে রাবি প্রকৌশল অনুষদের পাঁচটি বিভাগের একাডেমিক প্রোগ্রামগুলোর অ্যাক্রিডিটেশন প্রাপ্তির জন্য সেলফ অ্যাসেসমেন্ট রিপোর্ট তৈরি ও মূল্যায়নের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করা হয়েছে।

কর্মশালায় দুই পর্বে প্রকৌশল অনুষদের বিভাগগুলোর ১০০ শিক্ষক অংশ নেন।