তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) টার্মিনাল থেকে পূনরায় এলএনজি সরবরাহ শুরু হয়েছে। আজ শনিবার (২০ জানুয়ারি) বেলা ১২টার পর থেকে ২৫ কোটি ঘনফুটের ওপরে গ্যাস সরবরাহ হচ্ছে। দুপুরের পরে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে পেট্রোবাংলার নির্ভরযোগ্য একটি সূত্র নিশ্চিত করেছে।

গ্যাস সরবরাহের বিষয়টি নিয়ে জানতে চাইলে কর্ণফুলী গ্যাস কোম্পানি বলছে, টার্মিনাল থেকে পাইপলাইনে গ্যাস সরবরাহ শুরুর পর ধীরে ধীরে চট্টগ্রামে গ্যাসের চাপ বাড়ছে। গ্রাহকেরা অনেকেই গ্যাসের চাপ পাচ্ছেন।

গত বছরের নভেম্বর থেকে সংস্কারজনিত কারণে মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। কারিগরি ত্রুটির কারণে গতকাল অন্য টার্মিনাল থেকেও গ্যাস সরবরাহ বন্ধ হয়ে পড়ে।

এতে আকস্মিকভাবেই জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ কমে যায়। আরো তীব্র আকার ধারণ করে দেশব্যাপী বিদ্যমান গ্যাস সংকট। বিশেষ করে বন্দরনগরী চট্টগ্রামে সরবরাহ প্রায় পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। ভোগান্তিতে পড়েন বাণিজ্যিক ও আবাসিক গ্রাহকরা।

বিতরণ কোম্পানির আগাম বিজ্ঞপ্তি ছাড়া হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় চট্টগ্রামের গ্রাহকরা পুরোপুরি গ্যাসহীন হয়ে পড়ে।

গ্যাস সংকটে পড়া ছয় জেলার মধ্যে রয়েছে কর্ণফুলী বিতরণ কোম্পানির (কেজিডিসিএল) আওতাধীন চট্টগ্রাম, বাখরাবাদের কুমিল্লা, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর এবং তিতাসের নারায়ণগঞ্জ।

জাতীয় গ্রিডে সরবরাহ করা এলএনজির বড় অংশ এসব জেলায় সরবরাহ করা হয়। চট্টগ্রাম পুরোটাই এলএনজি–নির্ভর, তাই সেখানে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ ছিল। অন্য জেলায় কোথাও চুলা জ্বলেনি, কোথাও বা জ্বলেছে মিটমিট করে।