কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) তিন শিক্ষাবর্ষের ৫৫ জন শিক্ষার্থীকে 'ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড' দেয়া হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কক্ষে এক অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড দেয়া হয়।

২০১৭-১৮, ২০১৮-১৯ এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে এ অ্যাওয়ার্ড দেয়া হয়। ৬টি অনুষদের ১৯টি বিভাগ থেকে অসামান্য কৃতিত্ব, একাডেমিক সাফল্য ও প্রাতিষ্ঠানিক উৎকর্ষতায় বিশেষ ভূমিকা রাখা শিক্ষার্থীরা এ পুরস্কার পান। প্রতি শিক্ষার্থীকে ১০ হাজার টাকা নগদ অর্থ ও সনদ দেয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। প্রধান অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. রেজাউল করিম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘চিন্তাধারা সীমাবদ্ধ রাখা যাবে না। কেবল শিক্ষক হওয়ার চিন্তা না করে দেশ ও বিদেশে বড় কিছু করার লক্ষ্য রাখতে হবে। জ্ঞান অর্জনের মাধ্যমে আগে ভালো মানুষ হতে হবে। জিপিএ নিয়ে আত্মতুষ্ট হলে চলবে না, সামনে এগিয়ে যাওয়ার প্রয়াস রাখতে হবে।’

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মাসুদা কামাল ও ট্রেজারার ড. মোহাম্মদ সোলায়মানসহ অন্যরা।