ফরিদপুরের ভাঙ্গায় ভাই ও ভাতিজার হামলায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। একই দিনে পৃথক ঘটনায় সদর উপজেলায় এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামে পারিবারিক কলহের জের ধরে ভাই ও তার ছেলের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. ইউসুফ শেখ (৫৫)। সে ওই এলাকার মৃত রিয়াজ শেখের পুত্র। 

স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে ভাতিজা জয়নাল শেখ ও তার পিতা মোহম্মদ শেখ হামলা করলে ইউসুফ শেখ নিহত হন।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. শফিকুর রহমান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। 

এদিকে এর আগে ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর এলাকায় তালাবদ্ধ একটি ঘর থেকে শিরিন বেগম (২০) নামের এক গৃহহবধুর লাশ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ। পুলিশ জানায়, বাড়ির মালিকের ফোন পেয়ে একটি ঘরের তালা ভেঙ্গে খাটের উপর শোয়ানো অবস্থায় লাশটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। 

রাতের কোন এক সময় শ্বাসরোধ করে তাকে হত্যা হরা হয়ে থাকতে পারে বলে ধারণা পুলিশের। এ ঘটনার পর থেকে পলাতক থাকা নিহতের স্বামী সোহান মিয়াকে আটকের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।