জাপানে কর্মসংস্থানের জন্য বাংলাদেশী তরুণদের দক্ষতা উন্নয়ন, জাপানি ভাষা শিক্ষা ও পেশাগত প্রস্তুতির ওপর গুরুত্ব দিয়ে সেমিনার করেছে হার্টফুল লিমিটেড। আজ মঙ্গলবার বাংলাদেশ কোস্ট গার্ড টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে (বিসিজিটিটিআই) ‘টুডেজ ট্রেনিং, টুমোরোস জার্নি টু জাপান’ শীর্ষক এ সেমিনার ও সনদ বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে তিন ব্যাচের প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কোস্ট গার্ডের পরিচালক (লজিস্টিকস) ক্যাপ্টেন মোহাম্মদ হাফিজুল বিল্লাহ। বিশেষ অতিথি ছিলেন জাপানের ফুকুজাওয়া গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান জুন ফুকুজাওয়া ও তার সহযোগীরা।
হাই টেক করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউশিদা তোমোহিরোর সভাপতিত্বে অনুষ্ঠানে জাপানের চার প্রতিনিধি ও জাপানি বিশেষজ্ঞ প্রশিক্ষকদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে সফল হতে শুধু কারিগরি প্রশিক্ষণ যথেষ্ট নয়। এর পাশাপাশি ভাষাগত দক্ষতা, পেশাদারত্ব, সময়ানুবর্তিতা, দায়িত্ববোধ এবং জাপানি কর্মসংস্কৃতি সম্পর্কে ধারণা থাকা জরুরি। বাংলাদেশী তরুণদের দক্ষতা বাড়ানো এবং আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সরকারি প্রতিষ্ঠান, প্রশিক্ষণ কেন্দ্র ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগের ওপরও গুরুত্ব দেন তারা।
হার্টফুল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুরাদ হাসান জেনিথ বাংলাদেশ থেকে দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি অভিবাসনের বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
অনুষ্ঠানে হার্টফুল লিমিটেডের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ কোস্ট গার্ডের প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ও পেশাদারত্ব এবং বিসিজিটিটিআইয়ের প্রশিক্ষণ অবকাঠামো দক্ষ ও কর্মসংস্থানমুখী তরুণ জনশক্তি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রশিক্ষিত তরুণরা ভবিষ্যতে বাংলাদেশ ও জাপানের মধ্যে দক্ষ জনশক্তি ও কর্মসংস্থান সহযোগিতার সম্পর্ক আরো শক্তিশালী করতে ভূমিকা রাখবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ কোস্ট গার্ড, বিসিজিটিটিআইয়ের প্রতিনিধি, হার্টফুল লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষণার্থী এবং তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।










