ড. ফিরদৌসী কাদরী বলেছেন, বাংলাদেশ থেকে কিছু পেলে আমার যতটা আনন্দ লাগে, বাইরের অনেক বড় জায়গা থেকে পেলেও তেমনটা লাগে না। আমার দেশের মানুষ আমাকে কিছু দিয়েছে, এটা আমার জন্য বেশি সম্মানের।
আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে বণিক বার্তা ও বিআইডিএস আয়োজিত গুণীজন সংবর্ধনা ২০২৫ অনুষ্ঠানে দেশের তিন কৃতী মুখ ড. ফিরদৌসী কাদরী, সৈয়দ মঞ্জুর এলাহী (মরণোত্তর) ও অধ্যাপক ড. আমিরুল ইসলাম চৌধুরী গুণীজন সংবর্ধনা দেয়া হয়।
সম্মাননা গ্রহণ করে ড. ফিরদৌসী কাদরী বলেন, আমার সঙ্গে যারা আছেন, যারা এতদিন গবেষণা করেছেন, আইসিসিডিআর,বি ও আইদেশী’র সবাইকে এ সম্মাননা উৎসর্গ করলাম। তিনি বলেন, দেশে বিজ্ঞান নিয়ে খুব বেশি সচেতনতা নেই। আমি খুব সাধারণ একজন মানুষ, কাজ করতে পছন্দ করি। পড়াশোনা ও সাধারণ একটি জীবনযাপন করেছি। আমি নিজে গুণীজন কিনা, এখনো সন্দেহ করি। এ পুরষ্কার বা স্বীকৃতি আমার জন্য অনেক বড় বোঝা। আমি দেশকেই ভালোবেসেছি। সন্তানদের বলেছি, আমার কোনো অসুখ হলেও যেন তারা আমাকে দেশের বাইরে না নেয়। আমি ঢাকায় চিকিৎসা নেব। এখানেই থাকতে চাই এবং শেষ পর্যন্ত এখানেই বাঁচতে চাই।
পুরনো দিনের স্মৃতিচারণ করে তিনি বলেন, ছয় বছর শিক্ষকতা করলেও গবেষণা অনেক বেশি ভালো লাগত আমার। দুটি একসঙ্গে করতে আইসিসিডিআর,বিতে যোগ দিয়েছিলাম। সেখানে যাওয়ার পরও শিক্ষার্থীদের সঙ্গে কখনো সম্পর্ক ছিন্ন করিনি। আমি এখনো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াই। শিক্ষার্থীরা আমাকে অনেক শক্তি দেয়, তাদের থেকে অনেক কিছু শিখি।
তিনি আরো বলেন, আমি খুব কম জায়গায় যেতে পছন্দ করি। কর্মস্থলেই স্বাচ্ছন্দ বোধ করি। আমরা জীবনটা সাধারণ। আইসিসিডিআর,বিতে জনস্বাস্থ্য নিয়ে গবেষণার পাশাপাশি সক্ষমতা বৃদ্ধি নিয়েও কাজ করি। আমি যাদের নিয়ে কাজ করি, তাদের অনেকেই জ্যেষ্ঠ গবেষকও হয়েছেন। আমার সন্তানের সবাই দেশের বাইরে, স্বামীও নেই। কিন্তু এরাই আমার সন্তান। দেশে আমার অনেক ছেলে-মেয়ে আছে। অনেক পরিবার আছে এখানে। তাদের নিয়ে আমি সারাদিন খুশি থাকি। বরং শুক্র ও শনিবার তাদের পাই না বলে কষ্ট হয় আমার।
তিনি বলেন, আমি রাজনীতি করি না, বুঝিও না। কিন্তু দেশকে অনেক ভালোবাসি। এ দেশের প্রত্যেকটা জিনিস আমার ভালো লাগে। কোনো জায়গা থেকে এসে প্লেন থেকে নামার পর আমার সহচররা যখন বলে, এটা এত নোংরা, ওটা এত ময়লা, এত চিৎকার-চেচামেচি কেন? আমি তখন বলি, এইটাই আমার সবচেয়ে ভালো লাগে। আমার নিজের দেশে আমি এসেছি, যা ইচ্ছে, আমি তাই করতে পারব। এখানে শৃঙ্খলা না থাকলেও এটাই আমার দেশ।
সম্মাননার জন্য আয়োজক ও উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আমাকে এত বড় সম্মাননা দেয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু এর ভার আমি কী করে সহ্য করব, সেটাই ভাবছি।










