বাংলাদেশে সরাসরি ফ্লাইট পরিচালনার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইরানের সর্ববৃহৎ বেসরকারি এয়ারলাইন্স মাহান এয়ার। একই সঙ্গে ইরানের মাকান ট্যুরিজম গ্রুপ ও বাংলাদেশের এ্যরো ভার্সাটাইলো গ্রুপের মধ্যে একটি যৌথ বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় বাংলাদেশে স্বাস্থ্যসেবা ও মেডিকেল ট্যুরিজম খাতে বিনিয়োগ করবে মাকান গ্রুপ, আর অ্যারো ভার্সাটাইলো গ্রুপ সরবরাহ করবে তাদের উদ্ভাবিত মেডিকেল ট্যুরিজম ইকোসিস্টেম প্রযুক্তি ‘মেডইরান’।

সম্প্রতি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। মাকান ট্যুরিজম গ্রুপের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহসেন মাকিয়ান এবং এ্যরো ভার্সাটাইলো গ্রুপের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার এস. এ. রানী চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মালদ্বীপের সাবেক পর্যটন মন্ত্রী ও ভাইস-প্রেসিডেন্ট আহমেদ আদীব আবদুল গাফুর বলেন, মেডিকেল ট্যুরিজম খাতে এ ধরনের উদ্যোগ আন্তর্জাতিক পর্যায়ে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। পাশাপাশি মাহান এয়ারের সরাসরি ফ্লাইট দুদেশের অর্থনীতি, বাণিজ্য ও পারস্পরিক সৌহার্দ্যকে আরো শক্তিশালী করবে।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জালিল রহিমি জাহারাবাদি বলেন, মাহান এয়ারের সরাসরি ফ্লাইট এবং মেডইরান প্ল্যাটফর্মের উদ্বোধন বাংলাদেশ ও ইরানের দীর্ঘদিনের সৌহার্দপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো গভীর করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বাংলাদেশের (সিএএবি) ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালকসহ অন্যান্য অতিথিরা।

মাহান এয়ারের উপব্যবস্থাপনা পরিচালক (কমার্শিয়াল) খাদিজা বেঘেরবায়াতি বলেন, বাংলাদেশ, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে যাত্রী ও কার্গো পরিবহনে মাহান এয়ারের নতুন রুট ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলবে। মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশী যাত্রীদের জন্য সাশ্রয়ী মূল্যে টিকিট প্রদানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এ্যরো ভার্সাটাইলো করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উইং কমান্ডার (অব.) আলিমুন নাহার জানান, বাংলাদেশে মাহান এয়ারের যাত্রী ও কার্গো কার্যক্রম পরিচালনার জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ্যরো ভার্সেটাইলো করপোরেশনকে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে। মাহান এয়ারকে শাহজালাল বিমান বন্দর শ্লট পারমিশন দিয়েছে। শেষ ধাপের প্রস্তুতি শেষে আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ফ্লাইট অপারেশন শুরুর লক্ষ্যে আমরা প্রস্তুত। ওয়াইডবডি এয়ারক্রাফট, যুক্তিসঙ্গত ভাড়া, উন্নত ইন-ফ্লাইট সার্ভিস এবং অতিরিক্ত লাগেজ সুবিধা নিশ্চিত করা হবে।

মাহান এয়ারের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হামিদ আরবনেজাদ বলেন, বাংলাদেশ ও ইরানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বাণিজ্যিক সম্ভাবনাকে সামনে রেখে আমরা এ সরাসরি ফ্লাইট উদ্যোগ গ্রহণ করেছি। এ সার্ভিস যাত্রীদের জন্য আরো আরামদায়ক, নিরাপদ ও মানসম্মত ভ্রমণ নিশ্চিত করবে।

মাকান ট্যুরিজম গ্রুপের সিইও মোহসেন মাকিয়ান জানান, বাংলাদেশে আমাদের মেডিক্যল টুরিজমের ব্যবসায়িক মুনাফার ১০ শতাংশ সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের উন্নত চিকিৎসায় ব্যয় করা হবে।

সভাপতির বক্তব্যে এ্যরো ভার্সাটাইলো গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার কমোডর (অব.) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, মাহান এয়ার ও মাকান ট্যুরিজম গ্রুপ বাংলাদেশের সঙ্গে আকাশপথে আন্তর্জাতিক সংযোগ এবং মেডিকেল ট্যুরিজম উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি আমাদের নতুন কার্গো এয়ারলাইন্স ‘গ্রেট ডেল্টা এয়ার’বাংলাদেশে ফ্লাইট পরিচালনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভার্সাটাইলো গ্রুপের চেয়ারম্যান ড. কামরুল আহসান।

-বিজ্ঞপ্তি