মুন্সিগঞ্জে বাঁধভাঙা আনন্দ ও উচ্ছ্বাসে ঋতুরাজ বসন্তকে বরণ করে নেয়া হয়েছে। এ উপলক্ষে গতকাল সরকারি হরগঙ্গা কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসবের আয়োজন করা হয়। বাঙালি সংস্কৃতির সঙ্গে শিক্ষার্থীদের মেলবন্ধনের জন্য এ আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। গতকাল বেলা ১১টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব। পিঠা উৎসবের পাশাপাশি কলেজের জামতলা আজিম উদ্দিন চত্বরে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান মুগ্ধ করে দর্শনার্থীকে। কলেজের অধ্যক্ষ সুভাষ চন্দ্র হীরা বলেন, ‘শিক্ষার্থীদের মানসিকতা ও সৃজনশীলতা বিকাশ এবং নিজেদের ইতিহাসের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এমন আয়োজন জরুরি।’