মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে এ নিন্দা জানান।
জামায়াত আমির লেখেন, মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে মুক্তি দিন। সাজানো মামলা প্রত্যাহার করুন। তিনি কাউকে শারীরিকভাবে নাজেহাল করেননি। এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বিমানবন্দরে অনিয়ম ও অব্যবস্থাপনা ছিল বলেই এ ঘটনার পরিপ্রেক্ষিতে দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে জানিয়ে ডা. শফিকুর রহমান লেখেন, তিনি (আখতারুজ্জামান) কেবল যাত্রী হয়রানি, প্রবাস থেকে ফেরত বাংলাদেশীদের প্রতি উপেক্ষা ও তাদের সঙ্গে অন্যায় আচরণের প্রতিবাদ করেছেন। তার ভাষা কি ছিল সেটা দেখেন। কিন্তু তিনি যে বিষয়ে প্রতিবাদ করেছেন, তার ভুক্তভোগী সাক্ষী বিমানবন্দরের উপস্থিত যাত্রীরা।
জামায়াত আমির বলেন, বিমানবন্দরের অনিয়ম, যাত্রী হয়রানি ও অসংগতিকে চাপা দেয়ার উদ্দেশ্যে এ হয়রানিমূলক গ্রেফতার করে থাকলে, অশনি সংকেত! ভুক্তভোগী জনগণ এটা কোন অবস্থাতেই মেনে নেবেন না।
এর আগে সন্ধ্যায় ডিবির উত্তরা বিভাগের একটি দল মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেফতার করে। পরে তাকে এয়ারপোর্ট থানায় নেয়া হয়।










