বগুড়ায় সাত ট্রাক ভেজাল টিএসপি সার জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন
(র্যাব-১২)। এ ঘটনায় ১৩ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে শহরের
বাংলাদেশ ফার্টিলাইজার (বাফা) গুদাম থেকে তাদের আটক করা হয়।
আজ শুক্রবার সকাল ১১টায় র্যাব-১২ বগুড়া ক্যাম্পে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এসব তথ্য জানান র্যাবের কমান্ডার স্কোয়াড্রন লিডার তৌহিদুল মোবিন খান।
আটককৃতরা হলেন- ঢাকার সাভার বনিয়ারপুর এলাকার হাসেন আলীর ছেলে নুর হোসেন (২৬), আব্দুল হাইয়ের ছেলে আবুল বাশার (২৮), আনিছের ছেলে জসিম (২৬), মৃত সুলতান মিয়ার ছেলে সোহেল (৩৫), শাহব উদ্দিনের ছেলে আসাদুল (২৬), মুন্নাফের ছেলে বাবু (২৫), একই এলাকার মৃত আব্দুল হকের ছেলে আব্দুল আউয়াল (৫০), সাভার নগরকোন্ডা এলাকার আজগর আলীর ছেলে তারেক (১৯), একই এলাকার আব্দুল আজিজের ছেলে শাকিল (৩২), কান্দর আলীর ছেলে শাকিল (৩১), মোহাম্মদ আলীর ছেলে হানিফ (৩২), রংপুর মিঠাপুর এলাকার পায়রাবতী গ্রামের আনছার আলীর ছেলে জাহাঙ্গীর আলম (১৮) এবং মানিকগঞ্জ জেলার দৌলতপুর এলাকার আরশাদ শেখের ছেলে শাহ্ আলম (৪৩)। এরা সবাই ট্রাক চালক ও হেলপার এবং এমএইচআর এন্টারপ্রাইজের কর্মচারী।
সংবাদ সম্মেলনে কমান্ডার স্কোয়াড্রন লিডার তৌহিদুল মোবিন খান বলেন, গত ২৭ আগস্ট চট্টগ্রামের পতেঙ্গা টিএসপি কমপ্লেক্স থেকে এমএইচআর এন্টারপ্রাইজের ১২টি ট্রাক টিএসপি সার নিয়ে বগুড়া আসছিল। আসার পথে ঢাকার সাভার এলাকায় যাত্রা বিরতিতে সাতটি ট্রাক থেকে আসল সার নামিয়ে নকল সার উত্তোলন করা হয়। পরে ২৯ আগস্ট সকালে সাত ট্রাক টিএসপি সার বগুড়ার বাফার গুদামে আসে। ট্রাকগুলোতে ভেজাল সার আছে এমন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন পরীক্ষা ছাড়া সার খালাস বন্ধ করে দেন এবং ওই দিন সন্ধ্যায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সারের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহীতে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউটে পাঠানো হয়।
তিনি বলেন, পরীক্ষা শেষে ১ সেপ্টেম্বর ইন্সটিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা শহিদুল ইসলাম জানান সারগুলো ভেজাল বা ভিন্ন মিশ্রণ রয়েছে। এখবরে বৃহস্পতিবার রাতে ওই সাত ট্রাকের চালক ও হেলপারদের আটক করে র্যাব।
চট্টগ্রাম টিএসপি কমপ্লেক্সের ব্যবস্থাপক (প্রশাসন) মাজহারুল ইসলাম জানান, বগুড়া বাফার গোডাউনে আসা ১৮ ট্রাক টিএসপি সার ভেজাল সন্দেহে খালাস বন্ধ রাখা হয়েছে। সারগুলো পরীক্ষার জন্য তিন সদস্যর তদন্ত কমিটি বগুড়া থেকে নমুনা সংগ্রহ করেছেন। এর মধ্যে সাত ট্রাকে ভেজাল মিশ্রন পাওয়া গেছে। অন্যান্য ট্রাকের নমুনা পরীক্ষা কাজ চলমান রয়েছে।
বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান, সাত ট্রাক সারে ভেজাল পাওয়ায় ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এমএইচআর করপোরেশনের মালিক মোয়াজ্জিন হোসেন, ১৩ জন চালক হেলপারসহ ১৪ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
বগুড়ায় ৭ ট্রাক ভেজাল সার জব্দ, আটক ১৩
বগুড়ায় সাত ট্রাক ভেজাল টিএসপি সার জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)। এ ঘটনায় ১৩ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে শহরের বাংলাদেশ ফার্টিলাইজার (বাফা) গুদাম থেকে তাদের আটক করা হয়।









