দশম শ্রেণী পড়ুয়া ইসরাত জাহান ইতি একদিনের জন্য জেলা প্রশাসক হিসেবে প্রতীকী দায়িত্ব পালন করেন। কুড়িগ্রাম জেলা প্রশাসক রেজাউল করিম তার পাশের আসনে বসিয়ে ‘গার্লস টেকওভার’ অনুষ্ঠানের মাধ্যমে নতুন দায়িত্বপ্রাপ্ত প্রতীকী জেলা প্রশাসককে দায়িত্ব হস্তান্তর করেন।
গতকাল সকালে দায়িত্ব হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সুশীল সমাজের নেতা, শিক্ষক, অভিভাবক ও জেলা শিশু টাস্কফোর্সের সদস্যরা।
দায়িত্ব নেয়ার পর ইসরাত জাহান ইতি কুড়িগ্রাম জেলাকে বাল্যবিবাহমুক্ত ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের সুপারিশমালা তুলে ধরেন। সেসব সুপারিশ বাস্তবায়নের আশ্বাসও দিয়েছেন জেলা প্রশাসক।
এদিকে, নানা আয়োজনে ঝালকাঠিতে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত হয়েছে। গতকাল সকালে ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা, কন্যাশিশুদের নাচ, গান ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের কিশোরী ইসরাত জাহান এশা।









