টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, বর্তমান সরকারের সময়ে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার সুযোগ থাকলেও তা কাজে লাগানো হয়নি। দেশে দুর্নীতি অব্যাহত রয়েছে এবং রাজনৈতিক ও সরকারি ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন মহল দখলবাজি ও চাঁদাবাজিতে জড়িত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রোববার (৭ ডিসেম্বর) বিকালে রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) কার্যালয়ে অয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ড. ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতি বেড়েছে নাকি কমেছে—এ বিষয়ে তুলনামূলক তথ্য নেই। এটি নিয়ে টিআইবি কাজ করছে। তবে এটা স্পষ্ট যে দুর্নীতি থেমে নেই। রাজনৈতিক ও সরকারি ক্ষমতাকে অপব্যহার করে বিভিন্ন মহল দলবাজি, দখলবাজি, চাঁদাবাজিতে লিপ্ত রয়েছে। সরকারের অভ্যন্তরেও কোনো কোনো ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। এটা উদ্বেগজনক।

ব্যবসা খাতের সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, উন্মুক্ত প্রতিযোগিতা ও স্বচ্ছতা নিশ্চিত না হলে রাষ্ট্রকাঠামো দখল হয়ে যায়, যা কর্তৃত্ববাদকে শক্তিশালী করে।

আগামী জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে রাখা উচিত এমন ৫২টি প্রস্তাব সংবাদ সম্মেলনে তুলে ধরে টিআইবি। এর মধ্যে রয়েছে— জুলাই জাতীয় সনদ ও এর বাইরে থাকা সংস্কার কমিশনগুলোর বিভিন্ন সুপারিশ বাস্তবায়ন, জুলাই সনদসহ অন্যান্য সংস্কার কমিশনের ওপর ভিত্তি করে যেসব অধ্যাদেশ জারি ও ব্যবস্থা নেয়া হয়েছে, সেগুলো ও কার্যকর ও অব্যাহত রাখার অঙ্গীকার করা, জুলাই গণ-অভ্যুত্থান ও কর্তৃত্ববাদী সরকারের আমলের সব হত্যা, অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের সুষ্ঠু তদন্ত ও বিচার অব্যাহত রাখা। এ ছাড়া সামাজিক নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যাংক–আর্থিক খাত, বিদ্যুৎ ও জ্বালানি এবং পরিবেশ–জলবায়ু খাতে সংস্কার নিয়েও সুপারিশ উঠে আসে এ প্রতিবেদনে।

ভারতের সঙ্গে বর্তমান সম্পর্ক প্রসঙ্গে ইফতেখারুজ্জামান বলেন, ভারতের ইতিহাসে এটা (বর্তমান পরিস্থিতি) সবচেয়ে বেশি বিব্রতকর কূটনৈতিক ও রাজনৈতিক পরাজয়—এটা স্বীকার করতে তারা ব্যর্থ হয়েছে এখন পর্যন্ত। ভারত এমন দেশ নয়, যারা সহজে এটা স্বীকার করবে। সেটা একটা বাস্তবতা। কিন্তু সেটার অর্থ এই নয় যে এটার কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নতি ঘটবে না। উন্নতি ঘটার সুযোগ আছে। বিভিন্ন ক্ষেত্রে দুই পক্ষের উচ্চ অংশীদারত্ব ও সহযোগিতার ক্ষেত্র আছে। সেটা উভয় পক্ষের ওপর নির্ভর করে। তবে ভারত যদি আরো বেশি বস্তুনিষ্ঠ অবস্থান নিতে পারত, কর্তৃত্ববাদের পক্ষে অবস্থান থেকে যদি সরে আসতে পারত, তাহলে সেটি বাংলাদেশের পক্ষে সহজতর হতো।

টিআইবির এ প্রতিবেদনে বলা হয়েছে, সুশাসন ও জবাবদিহি ছাড়া ব্যবসা ও রাজনীতির সংস্কার সম্ভব নয়। আর তা না হলে দুর্নীতি ও কর্তৃত্ববাদ পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে পারে।