সিলেট নগরীর মালনীছড়া চা বাগান এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় তিন জেলায় আরো চারজনের প্রাণহানি হয়েছে। গত মঙ্গলবার রাতে ও গতকাল দিনের বিভিন্ন সময় এসব দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

সিলেট: নগরীর মালনীছড়া চা বাগান এলাকায় গতকাল বিকালে দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মেহেদি আফনান (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী মারা যান। আরেক আরোহী আশফাকুজ্জামানকে গুরুতর অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

নিহতরা হলেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বাসিন্দা মেহেদি আফনান (৩২) ও হবিগঞ্জের চুনারুঘাট পৌর এলাকার বড়াইল এলাকার ফিরুজ আহমদের ছেলে আশফাকুজ্জামান ।

নাটোর: শহরে রামাইগাছি এলাকায় বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। গতকাল বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন লালপুর উপজেলার ধুপইল এলাকার আব্দুর রহিম ও তার স্ত্রী রওশন আরা বেগম।

নরসিংদী: শিবপুরে ট্রাকচাপায় মাইশা আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব সড়কে এ দুর্ঘটনা ঘটে। মাইশা উপজেলার বৈলাব গ্রামের মোরশেদ মিয়ার মেয়ে।  

ফরিদপুর: নগরকান্দায় বাসচাপায় সোহেল খান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে উপজেলার কান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সোহেল উপজেলার নাওডুবি গ্রামের জাফর খানের ছেলে।