দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ১০ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গে প্রাণ হারিয়েছে চার শিশু। স্বাস্থ্য অধিদপ্তর গতকাল প্রকাশিত পৃথক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২৪ ঘণ্টায় শুধু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনেই ডেঙ্গুতে চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া এ সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে তিনজন, চট্টগ্রাম বিভাগে দুজন এবং ঢাকা বিভাগে আরো একজন মারা গেছে।

এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৩১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অক্টোবরের প্রথম ১৪ দিনে মারা গেছে ৮৬ জন। এছাড়া সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জন, আগস্টে ৪৩, জুলাইয়ে ৩৬, জুনে ১৩, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরো জানায়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৯৪৩ জন। এর মধ্যে ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি ৪৩২ জন ভর্তি হয়েছে। এছাড়া এ সময়ে চট্টগ্রাম বিভাগে ২৫৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৩৮, খুলনা বিভাগে ২৩৪, রাজশাহী বিভাগে ২৩০, বরিশাল বিভাগে ১৯৫, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৭, ময়মনসিংহ বিভাগে ১০০, রংপুর বিভাগে ৭০ ও সিলেট বিভাগে ১১ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার ২৫৯ জনে। এ সময়ে মোট ১ লাখ ১ হাজার ৩১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। আর ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ হাজার ৮৩০ জন।

এদিকে বুধবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ঢাকা, খুলনা, কুষ্টিয়া ও ভোলা জেলায় একজন করে মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৮১ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৭৭ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘণ্টায় ৮৬ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২২ হাজার ৯২৬ জন। এছাড়া ২৪ ঘণ্টায় ১ হাজার ৩০৬ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৯ হাজার ৮৭৬।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৮৬ হাজার ৫৮৩ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৭৮ হাজার ৮৬৯ জন।

দেশে এ পর্যন্ত হামের উপসর্গে সবচেয়ে বেশি, ৪৮৭ জন মারা গেছে ঢাকা বিভাগে। এছাড়া সিলেটে ১৮৯, চট্টগ্রামে ৯৬, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮২, বরিশালে ৬৪, খুলনায় ৪৯ ও রংপুরে ১৭ জন মারা গেছে।