নির্ধারিত সময়ের আগেই কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) থেকে বাংলাদেশ স্টেশনারি অফিসের (বিএসও) মাধ্যমে নির্বাচন কমিশনে (ইসি) ৯১৪ টন কাগজ সরবরাহ করা হয়েছে। এসব কাগজের বর্তমান বাজারমূল্য ১১ কোটি টাকার বেশি।

রোববার (১১ জানুয়ারি) কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার ছাপানোসহ বিভিন্ন কাজের জন্য চলতি অর্থবছরে বিএসও কেপিএমের কাছে ৯১৪ টন কাগজের চাহিদাপত্র দেয়। সে অনুযায়ী এসব কাগজের বাজারমূল্য দাঁড়ায় ১১ কোটি ৮ লাখ ৯৩ হাজার ৭৮১ টাকা। নির্ধারিত সময়সীমার আগেই কেপিএম কর্তৃপক্ষ পুরো কাগজ সরবরাহ দিয়েছে।

তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরে সাড়ে তিন হাজার টন কাগজ উৎপাদনের লক্ষ্য নিয়ে কাজ শুরু করে কেপিএম। এর অংশ হিসেবে সংসদ নির্বাচনের ব্যালট পেপার ছাপানোর জন্য নির্বাচন কমিশন বিএসও-এর মাধ্যমে কেপিএম থেকে বাদামী, সবুজ ও গোলাপি রঙের কাগজের চাহিদাপত্র দিয়েছে। আগামী ১৫ জানুয়ারির মধ্যে সরবরাহের সময়সীমা নির্ধারিত থাকলেও ১১ জানুয়ারির মধ্যে ধাপে ধাপে এসব কাগজ বিএসও-এর কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ছাড়া নির্বাচন কমিশনের বাইরে বিএসও-এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন শিক্ষা বোর্ড, জাতীয় বিশ্ববিদ্যালয়সহ ১১টি প্রতিষ্ঠানে আরো প্রায় ১ হাজার ২০০ টন কাগজ পর্যায়ক্রমে সরবরাহ করা হবে বলে জানান তিনি।

এ সময় কেপিএমের জিএম (কমার্শিয়াল) আবদুল্লা আল মামুন, উৎপাদন বিভাগের প্রধান মঈদুল ইসলাম এবং জিএম (এডমিন) আবদুল্লাহ আল মাহমুদ উপস্থিত ছিলেন।