রাজধানীর যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভারে ব্যক্তিগত গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এছাড়া আরো চার স্থানে সড়ক দুর্ঘটনায় ছয়জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে কিশোরগঞ্জ ও রাজবাড়ীতে দুজন করে চারজন নিহত হয়েছেন। গাজীপুর ও মাকিগঞ্জে একজন করে মারা গেছেন। গতকাল দিনের বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
ঢাকা: গতকাল সকালে শাহিন (২৩) ও তার বন্ধু আজিম (২০) মোটরসাইকেল নিয়ে হানিফ ফ্লাইওভারে উঠলে একটি প্রাইভেট কারের ধাক্কায় দুজনই ছিটকে পড়ে আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে শাহিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। শাহিন (২৩) পেশায় মোটরসাইকেল মিস্ত্রি। বংশালে তার ওয়ার্কশপ রয়েছে। আহত আজিমেরও মোটরসাইকেল পার্টসের দোকান রয়েছে।
কিশোরগঞ্জ: কুলিয়ারচরে টমটমের ধাক্কায় অটোরিকশায় থাকা বাবা-ছেলে নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হলেন উপজেলার নোয়াগাঁও ব্যাপারীপাড়ার আক্তার হোসেন (৩০) ও তার ছেলে আকসাম মিয়া (৭)। কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ জানায়, কুলিয়ারচর উপজেলা পরিষদের সামনে থেকে নোয়াগাঁও ব্যাপারীপাড়াগামী একটি টমটমের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাযাত্রী আক্তার হোসেন ও তার ছেলে আকসাম মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী: গোয়ালন্দ উপজেলার জমিদার ব্রিজ এলাকায় বাসের ধাক্কায় আকবর মল্লিক (৫৫) নামে এক সাইকেলচালক নিহত হয়েছেন। গতকাল বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আকবর মল্লিক রাজবাড়ী সদর উপজেলার মুকুন্দিয়া গ্রামের মৃত মোনছের মল্লিকের ছেলে। তিনি গোয়ালন্দ বাজারে কাপড়ের ব্যবসা ও দর্জির কাজ করতেন।
অন্যদিকে একই এলাকায় এমএম পরিবহনের বাসচাপায় রণি মণ্ডল (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তিনি গোয়ালন্দ রেলগেট এলাকার আজাদ মণ্ডলের ছেলে। এসব দুর্ঘটনায় চারজন আহত হয়েছেন। এ সময় উত্তেজিত জনতা বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করেন।
গাজীপুর: টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমায় ডিউটি করতে আসার পথে বাসের ধাক্কায় হাসানুজ্জামান (৩০) নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার সঙ্গে থাকা এসআই আমির হামজা। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসানুজ্জামান মানিকগঞ্জে জেলা পুলিশে কর্মরত ছিলেন।
মানিকগঞ্জ: ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। গতকাল দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকার গুডলাক ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. মিতু মিয়া (৩০) ঘিওর উপজেলার তরা গ্রামের মো. চানু মিয়ার ছেলে।










