বাগেরহাটের মোল্লাহাটে সড়ক দুর্ঘটনায় বাগেরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শেখ মনিরুজ্জামান মনির (৫৭) নিহত হয়েছেন। গতকাল শনিবার (১৩ মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির এ তথ্য নিশ্চিত করে বলেন, অধ্যক্ষ মনিরুজ্জামান গাড়ফা নিলের মাঠ জামে মসজিদ থেকে জোহরের নামাজ শেষ করে নিজ মটরসাইকেল যোগে মোল্লাহাট-চিতলমারী সড়ক দিয়ে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি মটরসাইকেলের সাথে সংর্ঘষে এই দুর্ঘটনা ঘটে। বিপরীত দিক থেকে আসা মটরসাইকেল চালক আনোয়ার হোসেন মিয়া (৩৮) গুরুতর আহত হন। আহত আনোয়ারকে উদ্ধার করে প্রথমে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

নিহত শেখ মনিরুজ্জামান মনির মোল্লাহাটের গাড়ফা গ্রামের ওমর আলী শেখের ছেলে এবং বাগেরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ। 

স্থানীয়রা জানান, নিজের ছোট মটরসাইকেলে খুব ধীর গতিতে বাড়িতে যাচ্ছিলেন অধ্যক্ষ মনিরুজ্জামান। কিন্তু বিপরীত দিক থেকে আসা আনোয়ারের মটরসাইকেলের গতি অনেক বেশি ছিল। আনোয়ারের মটরসাইকেলের সাথে সঘর্ষে ঘটনাস্থলেই অধ্যক্ষ মনিরুজ্জামান মারা যান।